![]() |
| পারমিতা রায় |
মায়ের শরীর খারাপের পাশে
ভেসে ওঠে বৈরাগ্য।
রান্না ঘরের তাকে সাজানো থাকে
বটজীবনের গর্ভ যন্ত্রণা।
আমি তাদের খুঁড়ি
গভীর হয়ে খুঁড়ি।
দেখি ,উনুনের গর্ভ থেকে
বেরিয়ে আসছে আমার ভ্রুণ,
আমার ভাই'এর সিজার, আমার দিদির মাসিক ঋতু ,
আর্সেনিকে ল্যাপটানো নিয়মের
আস্ত অবিচল রাজপ্রাসাদ ,
সর্বভূতেষু মা শীতলা...
নিয়ম নিয়মে বাড়ে মায়ের জন্ম , দিদির বৈশাখী লাবণ্য ,
যোনি থেকে বেরিয়ে আসা রক্তাক্ত ভয় ।
আমি তার পাশে সাজিয়ে রাখি আলতো নির্বাসনের নৈবেদ্য ।
সময় পেরিয়ে যায় আলোকবর্ষ
তবু আমি কেবলই শিবলিঙ্গ থেকে শীতলা মন্দির,
উপভাষাহীন এক উন্মাদ বালিকা।
অসহ শোকে অসহ তালে
দৃমি দৃমি দৃমি দৃমি
দুলতে থাকে রাত,
দুলতে থাকে লয় , ভয় ।
ঘুঙুরের আলাপে বেজে ওঠে দ্রৌপদী,
সীতা,অম্বা, মা...
মায়ের বৈরাগ্যের পাশে ভেসে ওঠে লাল রঙের
শরীর খারাপ ।
লাল টিপের রঙে
কায়াহীন গনগনে এক নিয়ম ।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন