ফেরা : সুমিত বন্দ্যোপাধ্যায়

সুমিত বন্দ্যোপাধ্যায়
ফেরা

মাঝেমধ্যে ফিরতে থাকি

এমন জন্মহীন মৃত্যুহীন
এক স্থির আর
 ঝাপসা পথ  ধরে
ফিরে আসি
অনেকদিন আগে কারো রেখে যাওয়া কথার কাছে।

যার আমাকে ছেড়ে কোথাও যাবার কথা ছিলো না
তার ঠিকানায় দু তিনটে গান পাঠাই ।
স্বরলিপি থেকে আলতো করে তুলে তাতে মাখিয়ে দি
পুরোনো হাত ধরার সুর ।

এখানে কোনো সন্ধ্যা নেই ।
কোনো আরতি নেই ।
অস্তাচল বা চলাচল কিছুই নেই ।
ভালোথাকা  এখন অনেকটা জলে ভাসা শ্যাওলার  মতো
মাঝিহীন শুধু এপার ওপার ।

নিশ্চল সময়ের পাশে
এক গরীব অপেক্ষা
ঝিমঝিম আলোতে লেখেও বা
কোনও কবিতার প্রথম দুটো  শব্দ ,বা লেখেও না
যা কখনও চিঠিতে লিখবে ভেবেও ছিলো হয়তো ।

এখন মাঝেমাঝে টের পাই
শরীরে অন্য রক্ত
চেনা,পরিচয়হীন
সবাই বলছে তাকে
এমনকী সেও বলছে
 কেন সব পালটে পালটে যাচ্ছে
কেন জল আর ততটা জল নেই
নদী আর ততটা নদী হয়ে ভাসে না কেন !
আমিই বা কী জানি
আমিও কী জানি নাকি
আসলে কোথায় এই পথ যাবে
কোথায় এই লাফ দেওয়া বিষণ্ণ বর্ণনা ?

বরং
আগামীকাল থেকে ঠিক
সূর্যমুখী হয়ে যাবো
তুমি মিলিয়ে নিও প্রিয় আগস্ট ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.