![]() |
| চোখের ঝাঁপ : উত্তম চৌধুরী |
নারু পাগলার এলোমেলো চুলের মতো অন্ধকার।
আমাকে পথ হাতড়ে হাতড়ে যেতে হবে আবার ফিরে আসতে হবে।
ব্লেডের মতো ধারালো শীত। হাটের নীরেন ডাক্তার
দোকানের একটি ঝাঁপ বন্ধ করে লণ্ঠনের টিমটিমে
আলোয় দু-তিনজন বন্ধু-বান্ধবের সাথে গপ্পো করছেন
আর বিড়ি ফুঁকছেন। আমাকে দেখেই জিজ্ঞেস করলেন--
মা কেমন!
ভালো নেই।
আমি তার আদ্যিকালের ব্যাগ হাতে তুলে নিতেই
একে একে দোকান ছেড়ে সবাই নেমে এল। ঝাঁপটিও
বন্ধ হল।
টর্চের আলোয় ফুটে উঠছে মেঠো পথ। কুয়াশার ঘোলাটে চাদর।
আমাকে ভাবতে হচ্ছে মায়ের চোখের ঝাঁপ খোলা থাকবে তো!

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন