![]() |
| দুটি কবিতা : আশরাফুল মন্ডল |
স্বগতোক্তি
তোমার বুঝি মন ভেঙেছে আমি আছি বৃন্দাবন।
আয় সখি আয় হৃদয় সাধি মথুরাতে মেঘমাতন।।
তোমার বুঝি রাগ হয়েছে আগুন চোখে দিগ্বিদিক।
আয় না মেয়ে মান ভাঙ্গাবো বলছি আমি ঠিক ঠিক ঠিক।।
তোমার বুঝি ভাল্লাগে না খুঁজছো তুমি আগুন দিন।
আয় চলে আয় মেঘমুলুকে নাচবো দুজন তা ধিন ধিন।।
তোমার বুঝি বিরহ রাঙা ডাগর চোখে মেঘনা বান।
আয় না সখি দিব্যি বলছি তুই যে আমার মেহেরজান।।
ভাত উৎসব
ভাত ফুটছে মাটির হাঁড়িতে
ফুটতে ফুটতে জল মরে গেলে
আবার জল ঢালা...
ভাত ফুটছে তো ফুটছেই-
মাগো, আর কতক্ষণ!
বাপজান স্নান সেরে দাড়ি আঁচড়াচ্ছে।
বুবুজান হলুদ শাড়ি পরে বসে আছে।
আমি তাকিয়ে আছি ফুটন্ত হাঁড়িটির দিকে,
মা কাঠের টুকরো গুঁজে দিচ্ছে চুলোয়।
আজ আমাদের ভাত উৎসব।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন