![]() |
| ফুলতি গিদালী : সুবীর সরকার |
বাঁধভাঙা কান্নার ভিতর শুয়ে আছেন আমাদের
ফুলতি আবো
একটা অনন্ত জীবন কাটিয়ে গেলেন আপনি
মাইল মাইল হলুদবরণ সরষেখেতে ফেলে
আসলেন নাচ আর গান।
কুড়ি বছর আগে আপনার নাচ দেখেছিলাম
কোমরের মোচড় থেকে ভেসে আসছিল গান-
'দে দে কালা মোকে বাঁশিকোনা দে'
এই হুদুমদেও-এর দেশে
এই বাওকুমটা বাতাসের দেশে
এই গাড়িয়াল বন্ধুর দেশে
আস্ত এক ম্যাজিক লিখে গেলেন আপনি
ফুলতি আবো,আপনি তো হাড়িয়া ম্যাঘের
আন্ধার
আপনি মিথ।
এই জনপদ আগলে রাখবে আপনার সব
ও সমস্ত আখ্যান
আমি শেষ বিকেলের আলোয় সার্কাসের জোকারকে শোনাতে থাকবো
ঢাকের বায়না ও সাইটল
পুজোর গল্প।
ফুলতি গিদালী,ভালো থাকবেন আপনি
জন্মান্তরের গানের মতন আবার উড়িয়ে দেবেন
আবহমানের সব পাখপাখালী

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন