![]() |
| অপূর্ব কুমার চক্রবর্তী |
একা একা অভিমুখ কি আদৌ ঠিক করা যায়
ইচ্ছেমতো
বিচ্ছিন্ন দ্বীপের রাজা হলেও ফসল কিনবে কে
রুটির যোগানের দায়ভার নিয়ে
বা নিদেনপক্ষে তেমন ভানটি করেও
কৃতার্থই বা করবে কে
মিছিমিছি জিনটাকে কী করে দোষ দিই বলো
বাইরের কর্কশ দেয়ালে ক্রমাগত
ঘষা খেয়ে খেয়ে ছাল উঠে যায় তার
কোমলতর চামড়ার
ব্যথায় এলোমেলো টালমাটাল
দমকা বাতাসে উড়ে যায়
সফেদ সন্ধানী ডানাওয়ালা
একাকী শিমূল বীজ

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন