মেয়ের বাপের গল্পসল্প : মৃদুল শ্রীমানী

মৃদুল শ্রীমানী
মেয়ের বাপের গল্পসল্প : মৃদুল শ্রীমানী

এক থানার অফিসার ইন চার্জের সাথে গল্প হচ্ছিল। তিনি জানালেন শ্বশুর বাড়িতে পণনির্যাতিতা মেয়েকে নিয়ে বাপ মা এসেছেন থানায়। বক্তব্য এই যে মেয়েকে শ্বশুরবাড়িতে পণের জন্য যন্ত্রণা দেওয়া হচ্ছে। থানা কর্তৃপক্ষ বললেন একটা লিখিত অভিযোগ দিন। তো মেয়ের বাপ চান মিলমিশ করিয়ে দিতে। কথায় কথায় জানা গেল, ছেলেটি এই বিয়ের আগেও দুইবার বিয়ে করেছিল। দুটো বউই অসময়ে মরেছে। আঁতকে উঠে ওসি বললেন, ওবাড়িতে আপনার মেয়েকে রেখে কাজ নেই। 

যে ছেলের আগের দু দুটি বউয়ের অসময় মৃত্যু হয়েছে, সে যখন তিন নম্বর বউকেও নির্যাতন করে, তখন সেখানে আমি কোনো আশার আলো দেখছি না। মেয়ের বাপ কেঁদে পড়েন, মেয়েকে ওইখানেই রাখতে চাই। ওসি বোঝান, শুনুন, আপনার মেয়ে আপনার কাছে থাকলে, আপনার একমুঠো জুটলেও আধ মুঠো তাকে দেবেন। কিন্তু ওখানে আপনার মেয়ের বাঁচা মুশকিল হবে। মেয়ের বাপ বলেন, তিনি বরের কাছেই মেয়েকে খাটাতে চান। খাটাতে চাওয়া মানে কোনো মতে জোড়াতাড়া দিয়ে বিয়েটাকে টিকিয়ে রাখা। ওসি বললেন, দেখুন পুলিশের উর্দির চাপে ছেলেকে থানায় ধরে আনা যায়। ছেলে আপনার পায়ে ধরে ক্ষমা চাইবে, তাও হয়ে যায়। হয়তো দশটাকার স্ট্যাম্প পেপারে মুচলেকাও দেবে যে, এমনটি আর করব না।

 কিন্তু, বাগে পেলে সে ছেলে দু দিন বাদে আবার কি করবে, তা বলা শক্ত। সহসা ওসি জানতে চাইলেন মেয়ের বিয়েটা কি ভাবে ঠিক হয়েছিল। মেয়ের বাপ বললেন, পারিবারিক সূত্রেই খবর এসেছিল। ওসি বললেন, তাই তো হয়। চেনা জানার মধ্য থেকেই বিয়ের সম্পর্ক আসে। তা আপনারা ছেলে দেখতে গিয়েছিলেন?
মেয়ের বাপ বলেন হ্যাঁ।
আর সেই প্রথম দিনেই তো বিয়ে ঠিক হয়ে গেল। তাই তো? ওসি বলে ওঠেন।
মেয়ের বাপ কবুল করেন, হ্যাঁ।

ওসি বললেন, একটু যদি সময় দিতেন, পাড়া প্রতিবেশীর কাছে খবর নিতেন, তাহলে পরে পরে যা জানতে পারলেন, তা আগেই জানতে পারতেন। এক দিনে দুম করে বিয়ে ঠিক করা মোটেও ভাল কাজ হয় নি। আপনারা মেয়েকে একটা বোঝা, একটা ঝঞ্ঝাট মনে করেছেন বলেই, এক কথায় বিয়ে ঠিক করেছেন। মারধোর খাবার পরেও ওই বাড়িতেই মেয়েকে রাখতে চাইছেন। এর পর আপনাদের মেয়ে কিন্তু পুলিশকেই দূষবে। পুলিশ কিছু করে না। সে দেখবে তার বাপের বাড়িতেও তার ঠাঁই নেই, আর পুলিশও কিছুই করল না। সে এরপর হয়তো আত্মহত্যা করবে। কিন্তু আসল দোষটা কার বলুন তো? মেয়ের বাপের চোয়ালটা ঝুলে যায়।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.