![]() |
| C/O মুদির দোকান : পিনাকী চৌধুরী |
C/O মুদির দোকান : পিনাকী চৌধুরী
শহর কলকাতার আনাচে কানাচে , অথবা শহরতলীতে ছড়িয়ে রয়েছে বেশ কিছু মুদির দোকান । এইসব দোকানগুলিকে মধ্যবিত্তের বিশ্ববিদ্যালয় বললে বোধহয় অত্যুক্তি হয়না ! পাড়ার' সেই মেয়েটি' কিম্বা সৌরভ গাঙ্গুলির' বাপি বাড়ি যা' অথবা রাজনীতির হালহকিকত- এসবই যেন এখান থেকেই জানা সম্ভব ! আর এইসব ছোট ছোট মুদির দোকানগুলি যেন এক নির্ভেজাল আড্ডাস্থল ! অনেকটা ওয়াচ টাওয়ারের মতো কাজ করে এইসব মুদির দোকান । দোকানদার প্রতি মুহূর্তে সতর্ক দৃষ্টি রাখেন তাঁর সাধের এই ব্যবসার প্রতি ! ক্রেতা তাঁর কাছে ভগবান ! আর সম্ভবতঃ সেই কারণেই বেশি দরদাম করলে পাল্লা বাটখারায় হাত ঠেকিয়ে , অমায়িক হাসি হেসে বলেন " আজ আপনাকে আমার কেনা দামেই দিয়ে দিলাম "! ( নির্জলা মিথ্যা) । তারওপর ওজনের কারচুপিতো রয়েইছে ! অনেক মুদির দোকানে আবার ' খাতা নিয়ম' প্রচলিত আছে । ক্রেতা নিত্যপ্রয়োজনীয় পণ্য এই ধারবাকীর খাতায় কেনেন ! মাস ফুরালে তিনি নগদ অর্থ প্রদান করেন দোকানদারকে । নিয়ম আরও আছে । আপনি যদি ভর সন্ধ্যায় মুদির দোকানে গিয়ে ধুনো কিনতে চান, তাহলে তৎক্ষণাৎ দোকানদার আপনাকে মুখের ওপর বলে দেবেন " সন্ধ্যায় ধুনো বিক্রি হয়না"! অতীতে পয়লা বৈশাখ আসা মানেই ছিল সেইসব মুদির দোকানে জমজমাট হালখাতা! একটি মিষ্টির প্যাকেট এবং অবশ্যই একটি দেবদেবীর ছবি সম্বলিত বাংলা ক্যালেন্ডার প্রায় প্রতিটি ক্রেতার জন্য বরাদ্দ থাকতো ! তবে এখন ব্যবসায় মন্দার কারণে কিছু মুদির দোকানে হালখাতা আর আগের মতো ঘটা করে হয়না ! তবে মুদির দোকানের মালিকের সেই বিখ্যাত চশমার ফাঁক দিয়ে 'সবকিছু' দেখা কিন্তু আজও রয়ে গেছে , বাস্তবে প্রকারান্তরে ঠিক যেন তলে তলে জল মাপার কাজটি সুচারু ভাবে সম্পন্ন করেন দোকানদার ! আর তারসঙ্গে অবশ্যই আছে মুদির দোকানের মালিকের সেই বহুচর্চিত থুতু দিয়ে টাকা গোনার বদভ্যাস! কোনও ক্রেতা যদি একদিনে মাত্র পঞ্চাশ টাকার মাল কেনেন , তাহলে যেন দোকানদারের মুখ ব্যাজার ! ক্রেতাকে বিদায় করতে পারলেই হাঁফ ছেড়ে বাঁচেন ! আর কোনও ক্রেতা যদি সেইদিনে পাঁচশো টাকার মাল একসঙ্গে কেনেন , তাহলে সেই ভাগ্যবান ক্রেতার জন্য বরাদ্দ VIP ট্রিটমেন্ট ! এককাপ স্পেশাল লিকার চা ! খুচরো সমস্যা মেটাতে আজও দোকানদার ক্রেতাদের হাতে লজেন্স ধরিয়ে দেন ! এইসব নিয়ে আজও যেন সব তীর্থের সেরা তীর্থ ' মুদির দোকান' !
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)

1 Comments:
Nice observation pinaki Chowdhury
একটি মন্তব্য পোস্ট করুন