![]() |
| বাউলানা_১০০: কিশলয় গুপ্ত |
মুক্তি নামে মুক্তি দামে মুক্তি ঘামে নাচে
এবং মুক্তি বুকের কাছে দু'চোখ বুজে বাঁচে
তার সকল প্রমাণ আছে।
মুক্তি বাজে মুক্তি কাজে মুক্তি মাঝে বোকা
এবং মুক্তি মাথার ভিতর জন্ম দিচ্ছে পোকা
তাকে যাচ্ছে না তো রোখা।
মুক্তি রামে মুক্তি বামে মুক্তি কামে থাকে
এবং মুক্তি পায়ের নীচে থাকে পথের বাঁকে
সে তো আগামী দিন আঁকে।
মুক্তি শ্বাসে মুক্তি ভাসে মুক্তি আসে নিজে
এবং মুক্তি করতালুতে আদ্যন্ত ভিজে
ঘরে যতই বাজুক ডি জে।
রাতের খামে মধ্যযামে মুক্তি থামে নাকি
এবং মুক্তি শিরদাঁড়াতে ঘরের পোষা পাখি
এখন শিকল খোলা বাকী।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন