![]() |
| অজিত বাইরী |
দাঁড়ের পাখি
অজিত বাইরী
দাঁড়ের পাখি,
তুমি কি উড়তে চাও?
ডানায় ভর করে পার হতে চাও
আকাশের- পর- আকাশ?
তুমি কি জানো না,
আকাশেও হানা দেয় ঝড়- বাদল?
বজ্র-বিদ্যুতে ছিঁড়ে ফেলে
আকাশের বুক?
তুমি স্বপ্ন দেখেছো সুদূর
নীল আকাশের।
স্বপ্ন দেখেছো অনন্ত মুক্তির।
নেই শিকলের বেড়ি,
নেই সারি সারি গরাদের শিক।
দাঁড়ের পাখি,
দ্যাখো, কী নিশ্চিন্ত জীবন তোমার!
না আছে দানা-পানির অভাব
না আচ্ছাদনের।
সুখের সমস্ত উপকরণ
সাজানো থরে থরে।
তবু মন বসে না দাঁড়ে?
আকাশ কি দেবে নির্ভরতা?
আকাশ কি দেবে নিশ্চয়তা
জীবন- যাপনের?
সকালের উজ্জ্বল আকাশ
বদলে যায় বিকেলের ঝঞ্ঝায়।
নিবিড় নক্ষত্রের রাত
মুছে মায় মেঘের কালো পোঁচে।
এত অনিশ্চয়তার মধ্যে
ঝাঁপ দিতে চাও?
আমি ভেবেছি, যা যা চাও
সব দেব, অলঙ্কারে
ভরে দেব গা, ভ্রমণের
আনন্দ দেব, সংসার- ভরা
স্বাচ্ছন্দ্য দেব।
শুধু আমার কাছে আকাশ চেয়ো না।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন