![]() |
| আমার বড় হয়ে ওঠা : পুষ্পজিৎ পতি |
আমার বড় হয়ে ওঠা
ঠাকুমার রূপকথায়
পরীর দেশে রাজকুমারীর
কল্পনায় জিওন কাঠি ছুঁয়ে.
কখনো রামায়ণ অথবা
মহাভারতে বিভোর হয়ে
অশোক'বনে কিংবা হড়িম্বার
দেশে ছুটতে ছুটতে.
আমার সংস্কৃতির আঁতুড় ঘর,
আমার ছোটবেলার ঠাকুরদার
ঝালমুড়ির আসর.
একান্নবর্তী কোলাহলে
হামা দিতে দিতেই
চলতে শেখা, সহজপাঠ নিয়ে.
কোরাস সুরে ধারাপাত আর
নীতি মালায় বড় হয়ে ওঠা
আমার ছোটবেলা.
সন্তোষ রেডিও'তে মহালয়ার
জন্যে অধীর অপেক্ষায় ফিবছর,
কাশের বর্ণ আর শিউলির গন্ধ নিয়ে.
এখনও অনেকটা বেশি সভ্য
হয়ে ওঠা হয়নি আমার.
এখনো অফিস ফেরত চা'য়ে বাবা'কে চাই.
হয়তো নিঃস্বার্থ হতে পারিনি,
সেই ঠাকুমার রূপকথা আর
ঠাকুরদার ঝালমুড়িতে.
আমার বর্তমান শৈশব
যখন হাই-টেক সভ্যতায় বিলীন হয়ে
পাড়ি দেয় গ্রহ থেকে গ্রহে,
তখন একাকিত্বের প্রহরে
বড্ড বেশি করে মনে পড়ে
ঝমঝমিয়ে বৃষ্টির দিনে
চোর-পুলিশ খেলা
আর...
ঠাকুরদার গল্পের আসর.

1 Comments:
সহজ ভাষায় ভাব আর আবেগের এক অনবদ্য মেলবন্ধন | কবিকে এগিয়ে চলার শুভকামনা |
একটি মন্তব্য পোস্ট করুন