![]() |
| অবদমিত : পাপিয়া |
কবরে শায়িত প্রেম ভৌতিক আত্মার মতো,
মাঝরাতে জেগে উঠে আমাকে জাগায়।
সারারাত একক পেঁচা মৃতপ্রায় জারুল গাছে বসে,
ক্রমাগত ডাকতে থাকে ---
একটু একটু করে প্রাণ পায়
ধ্বংসস্তুপে চাপা পড়া স্মৃতিগুলো।
রাতের মুহূর্তগুলিতে খেলা করে,
বিলাসিতায় মত্ত হয়ে ওঠে।
বিশৃঙ্খল এলোমেলো লাইনগুলোকে
কার্যক্রমে সাজাতেই ভোর!
ফিনিক্সের ডাকে বিছানা ছেড়ে উঠি।
চোখে রোদচশমা লাগিয়ে ঘুরে বেড়াই
এই প্রান্ত থেকে ওই প্রান্ত।
গায়ে সুগন্ধি মেখে মৃত শরীরের গন্ধ ঢাকি,
বিকেলে ক্যাফে বোহেমিয়াতে গিয়ে
নতুন বন্ধুর সাথে
কফির মগে চুমুক, সেল্ফি পোস্ট, স্ট্যাটাস আপডেট।
তারপর মন্থরগতিতে ফিরে আসি
চিরপরিচিত গর্ভগৃহে---
আবার সেই কবর,
সেই ভৌতিক আত্মা,
আর শ্বাসরুদ্ধ স্মৃতিগুলো!

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন