![]() |
| বিধান শীল |
তোমার সঙ্গে কবিতায় ভিজে একশা হলে জ্বর আসে না
বরং পুর্নজন্ম জন্ম পায় যৌনতা
শব্দেরা মেঘ কাঁপিয়ে দু'হাত ভরে ছড়িয়ে দেয় ফুল
পাতায়-পাতায় বাড়িয়ে দেয় বৃক্ষের আয়ু ।
জানালা দিয়ে আসে নিয়ন আলো
রাত্রিকে কাটাছেঁড়া করে হাসপাতালে পাঠায় অন্ধকার
সব অসুখ কৌটোতে ভর্তি করে ফেলি গহীন জলে
এবার কেউ কাটমানি খুঁজলে বলবো
ওই দেখো, বর্ষার জলে টলমল করছে পুকুর
শেষ বারের মতো নিজের দিকে তাকিয়ে নাও
প্রবল স্রোত আছাড়ে পড়বে ভাঙা পাড়ের তীরে
এবার আয়নার সামনে বসাবো নবীন জ্যোৎস্না ।
তুমি দেখে নিও , একদিন ঠিক
আলো দিয়ে তৈরি করবো জোনাকি ঘর
বর্ণে-বর্ণে, অক্ষরে-অক্ষরে সাজিয়ে তুলবো নিপুণ চিলেকোঠা
উঠোন জুড়ে ঘুরে বেড়াবে হাজার শব্দমালা ।
তোমার সঙ্গে কবিতায় ভিজে একশা হলে জ্বর আসে না
বরং পুর্নজন্ম পায় যৌনতা।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন