![]() |
| ডিটাচমেণ্ট : মাধবী দাস |
জন্মান্তর প্রতিশ্রুতি শিমূল তুলোর মতো
চটুল বাতাসে উড়ছে চিল শকুনের বেশে
কিছুটা দূরত্বে গিয়ে জলে ভিজে থেমে যাবে
আছড়ে পড়ে মাখবে মাটি
বুকের ভেতর থাকবে ইহকাল পরকাল সুর
সহজাত অন্ত্যমিল পরিধিটা ভেঙে দিলে
দূরত্ব বৈচিত্র্য ঘিরে উত্তেজনা ঘনিভূত হবে
শেষমেশ হেরে যাবে ইঁদুর দৌড়ের ইতিহাস
ঝড়তুফানে এলোমেলো মেঘ
পথঘাট হারিয়ে ফেলে মুখোমুখি হয়ে
মিলেমিশে একাকার হলে
গোপন আঁধার এসে তছনছ করে দিয়ে যাবে
সব ভুল বোঝাবুঝি।
লুকোনো প্রেমের আদ্যক্ষর চোখের বন্যায় যাবে ভেসে
যতই বিমুখ হও অভিমানে দূরে সরে থাকো
কালো রং কত দামী টবের গোলাপ জেনে গেছে
দূরে সরে থাকা মানে ভালোবাসা হীন থাকা নয়।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন