গদাধরের পাড়ে পাড়ে রে : সুবীর সরকার

সুবীর সরকার
গদাধরের পাড়ে পাড়ে রে

জলাভূমিতে গা ডোবানো অনন্ত মহিষ
মুছে যাওয়া পায়ের ছাপ ঘুঙুর হয়ে বাজে
ব্রহ্মপুত্রের জলে আমি মিশিয়ে দিয়েছি চোখের
                                                   জল
গদাধরের পাড়ে পাড়ে সে এক জীবন ছিল!
লাউখোয়ার বিল থেকে  বাতাস
                                 উঠে আসে উঁচু টিলায়
তিনশো বলির দুর্গাপুজোর দেশে ঝাঁক ঝাঁক
                                           লাল টিয়া
কুমার প্রমথেশচন্দ্র বাড়ি ফিরছেন
রানী সরোজবালা নামঘোষা শুনছেন
আসারীকান্দি থেকে লোকমুখোশ নিয়ে
                             আসছেন নীহার বড়ুয়া
আর আনারস বোঝাই নৌকোগুলির দিকে
                          তাকিয়ে আছে জংবাহাদুর
রূপসীর জমিদার সারারাত ধরে গান শুনলেন
হাতিক্যাম্পের ফন্দি মাহুতেরা সারারাত জুড়ে
                                           কেবল নাচলেন
বন্দুক ও দোতরা নিয়ে
হাতি ও হাততালি নিয়ে
মেলা ও মহোৎসব নিয়ে
অসামান্য এক রূপকথার জীবন কাটিয়ে গেলেন
                                      লালজি রাজা
এখন টানা বৃষ্টি গিলে খায় গৌরীপুরের হাট
রাজবাড়ীর পুরোন দেয়ালে সেতার ঝুলিয়ে        
 রাখেন কুমার শ্যমলেশ
নিশা রাইতে সারিন্দা বাজান সিতানন্দ
কাঠিঢোল কাঁধে গানবাড়ির দিকে ছুটতে থাকে
                                              বসন্ত মালী
হাতিমাহুতের গান নিয়েই তো অভিমান ভুলতে
                                           হয়েছিল তাকে
চাপা হাসির পাশে সোনার পিকদানি
জনপদের প্রতিটি গল্পের ভেতর ঢুকে পড়ে
                                                  গান-
'ও মোর সারিন হাতির মাহুত রে
মোক ছাড়িয়া কেমনে যাইবেন হস্তীর শিকারে'
পাপী ও পাগলের মত আমি সেই স্মৃতিকাতর
                                শহরে ঘুরে বেড়াই
হেসে ওঠে বিন্নি ধানের খই
থোপা থোপা কাশিয়ার ফুল
হাটে হাটে বিকোতে থাকা শালী ধানের
                                          চিড়া
আমি অন্ধের মতন লিপ্ত হতে থাকি বিলুপ্ত এক
                                         সময়ের সাথে
আর কুয়াশায় ঢেকে যায় প্রতাপ সিং-এর
                                             সমাধি
আর হাতির দাঁতের সেই চিরুণী দিয়ে তুমি চুল
                                        আঁচড়াতে থাকো



   সমাপ্ত 





 বিজ্ঞাপন 
আমাদের কাছে প্রতিদিনই একটি করে লেখা পাঠাতে পারেন। এবং আমরা তা প্রকাশ করব। লেখা পাঠাতে হবে আমাদের এই +919232237871 হোয়াটসঅ্যাপ নাম্বারে। প্রথমে লেখাটির বিষয় উল্লেখ করবেন, তারপর লেখাটির নাম, তারপর লেখাটি টাইপ করবেন। যদি প্রথম বার লেখা পাঠান, তাহলে লেখার সঙ্গে একটি ছবি পাঠাবেন, আপনার ঠিকানা ফোন নাম্বার অবশ্যই উল্লেখ করবেন।
গল্প-কবিতা, প্রবন্ধ-আলোচনা, জীবনী এবং সাহিত্যের যে কোন বিষয় নিয়ে লিখতে পারেন। স্বাধীনভাবে লেখালেখির জন্য বাংলা সাহিত্য ডট কম আপনাকে উৎসাহিত করে। আমাদের কাছে নির্দ্বিধায় নির্ভাবনায় লেখা পাঠান। সুন্দর ভাবে টাইপ করে, নির্ভুল বানানে লেখা পাঠানোর চেষ্টা করুন। বাংলায় লিখুন বাংলাকে ভালবাসুন। বাংলার সমৃদ্ধি ও প্রসারে এগিয়ে আসুন।
https://www.banglasahityo.com


Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.