![]() |
| সানাই বাজে সাহানায় : মেহেদী পাতা |
তোমার সঙ্গে যখন থাকি তখন পুরোটাই আমি তোমার
বড়ো আগলে রাখো আমাকে শাসনে আদরে
আভিজাত্যে যাতে একটুও ছ্যাঁকা না লাগে
রেস্তোরাঁয় বুকের আঁচল সরে গেলে কিংবা শাড়ীর নীচে
খোলা পা একটু বেশী দেখা গেলে তোমার মুখে লাভা,
'কী হলো তোমার ? সামনে ওয়েটার'
আমার আঢাকা স্তন নিতম্বের কারুকাজ
চার দেয়ালের ফ্রেমে থাকে পিকাসোর ইচ্ছে হয়ে
তোমার সঙ্গে যখন থাকি না তখন আমি তোমার নই
তুমিও চাও না, চাও না তুমি অভিমানের নাব্যতা মাপতে
মাঝ দুপুরে ততোটাই সূর্য মাখি
যতোটা ঘামে উগ্র হয় তোমার গন্ধ আমার শরীরে
বসন্ত এসে বলে গেলো আমরা কেউ কারোর নয়
অথচ সামাজিকভাবে সানাই বাজছে সাহানায় ।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন