| তাপস দাস |
ভালোবাসার ভেতরে সাদা পোশাকে তুমি
নার্সের মতো ঢুকে পড়ছ
সূচ- সিরিঞ্জ অষুধের ডিব্বা খুলে বের করে আনছ
শরতের মেঘ
তোমাকে ছুঁলে গাছের ছালের স্পর্শ পাই,
কত শীত তুমি! কত জ্ঞান ছড়িয়ে দাও হাঁটাচলায় ...
ভালোবাসার ভেতরে কাপড় কেঁচে মেলে দিচ্ছ
ছবি দেখব, রোদ বাতাসের
বৃষ্টি আসার ভয়ে তোমার ছুটে যাওয়ার দৃশ্যে
ধ্যানচ্যুত হয়ে
আরো একবার ভাবব তোমার কথা...
ভালোবাসার পেটে তুমি উনুন খুড়েছ
ওমে সেদ্ধ হচ্ছে আলুভাত
বৃষ্টির জন্য আকাশে উড়ে যাচ্ছে কৃতকর্ম বাষ্প...
ভালোবাসার চিতায় মেলে দিচ্ছ চুলের বেণী
ছড়িয়ে যাচ্ছে বর্ণমালা
বারবার বেঁচে উঠছে প্রেম জিগার গাছের মতো...
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন