![]() |
| সন্দীপ কুমার ঝা |
যৌথ শিবির থেকে
ফরমায়েশ ছিল অনেক।কিন্তু বাজার আগুন। ফলস্বরূপ ফিরছি যখন, তখন ব্যাগের ভেতর থেকে উঁকি দিচ্ছে কেবল খানকতক শুকনো সজনে ডাটার মুড়ো। আরও তলানিতে, বোমার সাইজের গোটা চারেক আলু। বড় আলুটাতে কেলো হওয়ার রিস্ক থাকে। সকলে সেই রিস্ক নেয় না। একারনে এটা কিছু সস্তাও পরে।
আমি রিস্ক নিই। আমাদেরকে রিস্ক নিতে হয়। বাইরে, ঘরে সর্বত্র। যেমন এখন, এই সামান্য বাজার হাতে নিয়েও, দরজায় পা রাখার রিস্ক নিচ্ছি।
মোড়ের মাথায়, রাস্তার পান দোকানের টিভির আওয়াজে ভেসে আসছে গরম গরম "সার্জিক্যাল ষ্ট্রাইক"!
গাবলুদের মেনিটা পাঁচিলের উপর থেকে আমাকে লক্ষ্য করছে। মেপে নিতে চাইছে, সবার মত আমিও এখনই, যুদ্ধে বেরিয়ে পরছি কিনা!
আমার থলের দিকে নজর পড়তেই ও বোধহয় কেসটা বুঝল। বুঝল,আমি এ যুদ্ধে যাচ্ছি না। হয়তো সেই জন্যেই,গর্ গর্ আওয়াজ করে,বার কতক ল্যাজটা,পাঁচিলের উপরে আছাড় মারল।
মনে মনে হয়তো বলল,শালা দেশদ্রোহী!
কি আর বলা?মাথা চুলকে,বিড়ি টানা,ফাঁপা বুকটায়,কিছু হাওয়া ভরে নিলাম।
আসলে হাওয়া কম,সাহসটাই টানলাম বেশি। বাতাসের অছিলায়।
তারপর, হাঁটা দিলাম আমাদের যৌথ শিবিরের দিকে। যেখানে আমার রোজের যুদ্ধ। রোজের সন্ধি।
এক শিবিরে, যেখানে দুই যোদ্ধা একত্র থাকি।
সহবাসে! আজীবন!
টিভিতে তখন-"কদম কদম বড়ায়ে যা.."সাহস দিয়ে যাচ্ছিল আমাকে...

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন