![]() |
| সুচরিতা |
ফাটলের মধ্যে ফাটল
শত বন্ধুর মধ্যে নির্বান্ধব
মুখোশে মুখোশে ছেয়ে আছে রাজপথ।
চৌকাঠ পেরোনোর অক্ষমতায়
ছেড়ে গেছে রোদ্দুর।
শ্যাওলা ধরা দেওয়ালে
তেলরঙা ছবিগুলো আর বোঝা যায় না।
এঘরে আলোও ঢোকে ভয়ে ভয়ে
কড়িবরগার ছাদে শুধু
চামচিকেদের অকারণ দাপাদাপি।
এ বাড়িতে সন্ধ্যে বা ভোর
কোনটাই ভালো করে ঠাওর করা যায় না।
পুরনো আসবাবপত্র,
বাসনকোসনের মধ্যে
নিজেকে যেন তক্ষক মনে হয়।
আগলে রয়েছি এসব কিছু,
এই দেওয়াল জুড়ে শ্যাওলা,
সেই কবে বন্ধ হয়ে যাওয়া
গ্রান্ড ফাদার ক্লক...,
এই সোঁদা গন্ধ...সব আগলাচ্ছি।
রোদ্দুর ছেড়ে গেছে আমায়
চৌকাঠ পেরোতে পারিনি বলে!
যাওয়ার সময় জানলায়
একটা চিরকুট রেখে গেছে
সেই চিরকুট আগলে রেখেছি আজও!
উঁকি মারলাম দেরাজের পিছন থেকে,
লেজের মত কিছু আটকে গেল দেরাজের পায়ায়,
চিৎকার করে ডাকলাম, 'রোদ্দুর!' 'রোদ্দুর বাঁচাও!!'
জিভের সামনেটা চিরে দুভাগ হয়ে গেল,
টক..টক..টক.. তক্ষক!
টক..টক..টক.. তক্ষক!!

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন