![]() |
| শান্তময় গোস্বামী |
বুকের ভেতর নৈঃশব্দেরা ভিড় করে
একে একে খুঁটে খায় কথা
জাগে ক্রোধ, জাগে ফিসফাস
জাগে অসহায় প্রত্যাশা।
আঘাতে আঘাতে ধ্বংস হয় নীরবতা
ভাঙে পাথর, ভাঙে অসারতা ।
সবাই শধু নিজের কথা বলে,
নিজের স্বপ্ন নিজেই নাড়েচাড়ে
পাড়া পড়শি কাছেই আছে যারা
শোনে না কেউ অধীর কড়ানাড়া
নিজের ঘরে যত্নে আগল টেনে
আপন সুখে আপনি বাঁচা মরা।
সন্ত্রাস নয়, অভিশাপ নয়,
প্রেতরশ্মির আলতো আলোয়
ছায়াবাজি ওদের ঠোঁটে।
ভাঙা চোরা পথ দেখে হেসে নাও যত পারো----- তোমরা বোঝো না-----
লোহার শহরও গুনছে প্রমাদ মরচের সঙ্কটে।
ওরা হাঁটছে, ছুটছে,
আড়ালে আবডালে
দেখে নিচ্ছে নিজেদের।
ঝমঝম বৃষ্টির শব্দে তখন
গোপনে ভিজছে শহর,
অভিমান রাশ-রাশ-----
বসে আছি চরম আদেশের অপেক্ষায়
নামিয়ে নিচ্ছি চোখ
হুকুম তামিল করার
যতটুকু সম্পদ
বুকের ভেতর চারিয়ে নিতে শেষমেশ অনায়াস।
জেনো নিরস্ত্র আমি
ঘৃণা নয়, উপেক্ষা নয়, আঘাত নামুক; যন্ত্রে যন্ত্রে আজ ওদেরই তো ষড়যন্ত্র!
কর্ণের শপথ তবুও ধনুকের ছিলায়----
আমি দানবীর। ক্ষমা যার যাপনের মহা মন্ত্র।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন