![]() |
| নদী পেরোনোর কবিতা : অর্ঘ্য মন্ডল |
১.
স্কন্ধ অপারগ হলে বোঝাটি মস্তকে উঠে যায়
বোঝাটি নামে না আর
বোঝাটি নামাতে গেলে
অগত্যা মস্তকই নেমে যায়
২.
ব্যাঘ্র সুমারীর কাছে
এখনই দিও না ধরা, আরও
ডোরাকাটা সংলাপে এই প্রেম
সহিংস থাকুক
ঘূর্ণির কেন্দ্রস্থ হাওয়া
চেনে আমাদের ঘোরাফেরা
এই দলিত স্বদেশ জুড়ে বাদ্য সহযোগে
ঢি ঢি পড়ে গেছে যেন বিশেষ এক বাঘিনী নিখোঁজ
আকার মিলছে না
রঙও
স্বভাবে প্রকট ডোরাকাটা ...
দলিত চঞ্চলরেখা, চুপ এখন, না ধরা দিও না
ডোরাকাটা সংলাপে
প্রেম আরও সহিংস থাকুক

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন