![]() |
| আমাদের হৃদয় কোমল ও কঠোর হওয়ার প্রয়োজন আছে : রতন বসাক |
আমাদের হৃদয় কোমল ও কঠোর হওয়ার প্রয়োজন আছে : রতন বসাক
রাত -দিন, ভালো-মন্দ, সাদা-কালো, সুখ-দুঃখ, কঠোর-কোমল এরকম অনেক উদাহরণ আছে, আর এগুলোই স্বাভাবিক । এর অন্যথা হয় না । একটা না থাকলে আর একটাকে বুঝতে খুবই মুশকিল । কাউকে ভালো তখনই বোঝা যায়, যখন তার মন্দটা দেখা যায় । আবার কে কতটা মন্দ ? তখনই বোঝা যায়, যখন তার ভালোটার পরিচয় মেলে ।
একটা মানুষকে দেখা যায় অনেক সময় তার ব্যবহারে ভীষণ কঠোর ও শক্ত মনের । এটা থাকার প্রয়োজন আছে । কেননা বিপদে ও কঠিন সময়ে এই কঠোরতাই অনেক কাজে লাগে । মনের থেকে একটু শক্ত না হলে বাস্তব জীবনে চলা খুবই মুশকিল । পরিস্থিতিতে কোন সময় ভয় পেয়ে পিছিয়ে গেলে চলে না, মন শক্ত করে এগিয়ে যেতে হয় ।
নিজের সন্তানকে আমরা যখন কিছু শিক্ষা দিতে চাই, তখন একটু কঠোর হওয়ার প্রয়োজন আছে । কিংবা কোন উচ্চপদে থেকে নিচু পদের মানুষদের একটু কঠোরতা দেখানোরও প্রয়োজন আছে । কারো মনের মধ্যে একটু ভয় না থাকলে, কেউই সম্মান করতে চায় না । তবে কঠোরতার পাশাপাশি প্রয়োজনে ভালোবাসাটাও দেখাতে হবে । অন্যের প্রতি শুধু নিষ্ঠুর হয়ে থাকলে চলে না ।
আবার মানুষের মনের মধ্যে কোমলতারও প্রয়োজন আছে । সব সময় কঠোরতা দেখালে ভালোবাসা পাওয়া যায় না । কারো দুঃখ কষ্ট বোঝার ও ভালোবাসার জন্য কোমল হৃদয়ের দরকার হয় । কোমল হৃদয় না থাকলে কোন কিছু সহজে বোঝা যায় না । তাই একজন মানুষের হৃদয় যতটা কঠোর, ততটাই কোমল হওয়ার প্রয়োজন আছে । তবেই একজন মানুষ সম্পূর্ণতা পায় ।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন