পতঙ্গ
আশরাফুল মণ্ডল
সন্ধেয় এসেছে, আমার পড়ার ঘরে। পতঙ্গ। পতঙ্গ দাস। কীর্তন গায়ক।
আহা! " চলে নীল শাড়ি নিঙাড়ি নিঙাড়ি..."
থাম্ পতঙ্গ। থাম্ বাপু।
ঝাপসা! সব ঝাপসা! পড়ার ঘর! কবিতা সংগ্রহ যত!
শুধুই নীল শাড়ি! বৃষ্টিভেজা আঁচল! ঘরময় ওড়াওড়ি!
ঠিকরে পড়ছে চাঁদ। বাদল ধোয়া। হুড়মুড়িয়ে। চাঁদের কিরণ যেন নীলমাধব!
থামে না। কিছুতেই থামতে চায় না। গান! পতঙ্গের! " বারি কি বারই নীল নিচোল..."
ঘনায় শ্রাবণ! পতঙ্গের চোখে! পতঙ্গ যে রাধামাধব!
রাধা!
পতঙ্গের বউ! পালিয়েছে। হাঁটুর বয়সী কানুর সঙ্গে।
পতঙ্গ পতঙ্গই থেকে গেছে.....
টইটম্বুর আমার পড়ার ঘর। জলসাঘর যেন! ওঠানামা আর ওঠানামা!
পতঙ্গের সুর সিঞ্চনে। চোখের জলে।
জল ভেঙে ভেঙে...
নীল মোহানায়। সিক্ত হৃদয়।
পতঙ্গ গাইছে। অঝোরে---
"থির বিজুরী বরণ গোরি পেখলু ঘাটের কূলে".....

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন