 |
| বাক্যবাগীশ বড়বাবু : মৃদুল শ্রীমানী |
বাক্যবাগীশ বড়বাবু : মৃদুল শ্রীমানী
বড়বাবু নিজেকে খুব কেউকেটা ভাবতেন। রোজ তাঁর পাটভাঙ্গা জামা প্যান্ট পরা অভ্যাস। মাঝে মাঝেই অঙ্গে নতুন পোশাক। সিড়িঙ্গে লম্বা বড়বাবুর চুলের যত্ন খুব। হিন্দি ফিল্মের সুপার স্টারকে নকল করে তাঁর চুলের সাজসজ্জা। ছাপোষা রাজ্য সরকারি কর্মীরা ওঁর দিকে জুলজুল করে তাকিয়ে দেখে। সেই দেখাটা বড়বাবু খুব উপভোগ করতেন। অন্য কর্মী যখন রুটি আর আলু চচ্চড়ি দিয়ে টিফিন করত, বড়বাবু তখন পাঁউরুটিতে মাখন লাগাতে বসতেন। তাঁর বাক্স থেকে বের হত আপেল নাশপাতি। তারপর আরও বের হত বেদানা। বড়বাবুর টিফিন করা দেখে হতবাক হয়ে যেত গ্রামের গরিব গুরবোরা। বেচারীরা জানত না, সরকারি অফিসে এসে টিফিনের সময়ে কারো খাবার দৃশ্যের সামনে দাঁড়িয়ে থাকতে নেই।
তারা আশা করত, বড়বাবু খেতে খেতেই তাদের দরকারি কথাটা শুনে নেবেন। গ্রাম্য লোকের এইরকম দাঁড়িয়ে থাকা দেখে বড়বাবু খুব বিরক্ত হতেন। অফিসারদের চেম্বারে এসে তিনি কোন ফলের কি দাম, সেটা মুখস্থ বলতেন। আর কোথাকার কি মিষ্টান্ন নামকরা, তা উচ্চারণ করতেন। বলতে ভুলতেন না, প্রতিদিন বাড়ি ফেরার পথে তিনি ভালো বাছাই মিষ্টি ঘরে নিয়ে যান। তারপর অবধারিত ভাবে বড়বাবু বলতেন, এই বেতনে তাঁর চলে না। সব অফিসাররা জানতেন বড়বাবু বাক্যবাগীশ ব্যক্তি। ওঁর বকবক তাঁরা এক কান দিয়ে শুনে, অন্য কান দিয়ে বের করে দিতেন। আমি একটু বেগানা বেখাপ গোছের লোক। আমি একদিন বলে বসলাম, তো এই বেতনে আপনার যখন চলেই না, তখন বাকি টাকাটা যোগায় কে?
অমনি বাক্যবাগীশ বড়বাবু বললেন, তাঁর তিন দাদা আছেন। তাঁরা বড় বড় চাকরি করেন। তাঁরাই এখনো ওঁকে হাতখরচ দেন। আমার মাথায় যেন সেদিন দুষ্ট সরস্বতী চেপেছিলেন। অমনি আমি বললাম, ইশ, এত দিন চাকরি হল, এখনো সাবালক হলেন না? দাদাদের কাছে হাত পেতে টাকা নেন? বড়বাবুর মুখ চুন। তিনি তো নিজের মুখেই সব বলেছেন। কথা আর ঘোরান কি করে? কয়েকটা দিন চুপচাপ থাকার পর বড়বাবু আবার ঠেলে উঠলেন। এবার এসে বললেন, এক আলমারি ভর্তি জামাকাপড় বাতিল করে দিলাম। ছেঁড়ে নি একটাও। সবই ভালো।
আমার বেখাপ জিভ তড়বড়িয়ে উঠল। বলে বসলাম, ছুটির পরে আপনার বাড়ি যাব। বাতিল জামা কাপড় সব সেবাশ্রম সংঘে দেব। গরিব মানুষ পরে বাঁচবে। আহা, আপনার ভালো ভালো জামা পেয়ে ওরা কি খুশিই না হবে! বড়বাবু জানতেন আমি এক কথার লোক। যা বলি, তা করতে বাধে না। শুকনো মুখে তিনি বললেন, জামা কাপড়ের বদলে তিনি স্টিলের বাসন কোসন কিনেছেন। আমি জোর ধমক দিলাম। তাহলে বাতিল করেছি বলছেন কেন? বলুন বদল করেছি। বাসনে কনভার্ট করেছি। সেই থেকে বড়বাবু আমার সামনে স্পিকটি নট।
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন