![]() |
| প্রেমাস্পদ : পিনাকী চৌধুরী |
প্রেমাস্পদ : পিনাকী চৌধুরী
২৯ জানুয়ারী ( অন্যমতে ৩০ জানুয়ারি) সরস্বতী পুজো , তার মানে বাঙালির ভ্যালেন্টাইনস ডে ! সকাল সকাল কোনোরকমে দেবী সরস্বতীর পুষ্পাঞ্জলি দিয়েই ঝাঁকে ঝাঁকে ঝিঙ্কু মামণিরা তাদের বয় ফ্রেন্ডের সাথে পথ পরিক্রমায় বেরিয়ে পড়বে ! যাদের বেশিরভাগই বাসন্তী রঙের শাড়ি পরিহিতা ! আর তাছাড়া ছেলেদের কথা যদি বলেন, তাহলে বলবো বারো মাস যাদের বই খাতার সঙ্গে সম্পর্ক নেই, তারাও একনিষ্ঠ হয়ে দেবী সরস্বতীর শ্রী চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে !( হয়তো কিছুটা বাধ্যবাধকতা তাদের রয়েছে) । তবে একথা অনস্বীকার্য যে সরস্বতী পুজোর সারাটা দিন যেন আমাদের উৎসবমুখর পরিবেশে অতিবাহিত হয় ।
সে যাই হোক, সরস্বতী পুজো মানে মানে কেটে গেলেই যেন একটি বিজ্ঞাপনী বিরতি ! আর সেই সময়টায় যেন অনেক যুবক যুবতী খুব সুন্দর ভাবে ' হোম ওয়ার্ক' করে নেন ! হ্যাঁ, ১৪ ফেব্রুয়ারি যে ভ্যালেন্টাইনস ডে , মানে আন্তর্জাতিক লাইন মারার দিন এসে পড়বে ! ঝোপে ঝাড়ে, লেকের পাড়ে কোথাও বোধহয় সেদিন তিল ধারণের ঠাঁই থাকবে না ! হ্যাঁ সবাই কিন্তু জোড়ায় জোড়ায় ! প্রেমের উৎযাপনের দিন বলে কথা ! তবে আজ বলতে বাধ্য হচ্ছি, এসব প্রেম যেন শুধুই এক শরীর সর্বস্ব খেলা ! একটা , কি বড়জোর দু'টো রাতের গল্প ! আর তারপরেই সেই প্রেমের দফারফা ! অতীতের মতো সেই গঙ্গা পাড়ে চীনে বাদাম খেতে খেতে সাবলীল প্রেম যেন আজ সোনালী অতীত ! বাস্তবে সত্যিই যেন সেই প্রেমে একটা প্রাণ ছিল !
তবে আগেও , মানে '৯০ এর দশকের মাঝামাঝি বা শেষের দিকে হয়তোবা ভ্যালেন্টাইনস ডে এর অস্তিত্ব ছিল, কিন্তু তখন আমাদের কলেজ জীবনে আমরা অনেকেই তেমন ভাবে জানতামই না এই ভ্যালেন্টাইনস ডে উৎযাপনের দিনের কথা ! আর এখন ? ঠিক যেন ' দলে দলে যোগ দিন' ! আর তাছাড়া আজকালকার অনেক প্রেমিক যুগল কিন্তু এই বিশেষ প্রেমের দিনের তাৎপর্যও জানে না ! সারাবছর যতোনা গ্রিটিংস কার্ড বিক্রি হয় , বলাইবাহুল্য এই ভ্যালেন্টাইনস উইক এ তার থেকেও ঢেড় বেশি বিক্রি বাট্টা হয় ! জুয়েলারী শোরুমে উপচে পড়ে ভিড় ! তাই বোধহয় এই ভ্যালেন্টাইনস দিবসকে বহুজাতিক বাণিজ্য সংস্থাগুলির সুকৌশলে ব্যবসা সম্প্রসারণের দিন বললে অত্যুক্তি হবে না ! আর ১৪ ফেব্রুয়ারি আপনি যদি একটি গোলাপ ফুল কিনতে যান , তাহলে আপনাকে কড়কড়ে একশো টাকা খরচ করতে হবে , একদম পাক্কা ! আর সেই বিশেষ প্রেমের রাতে তো রয়েছেই 'ক্যান্ডেল লাইট ডিনার' এর সুবন্দোবস্ত ! দুজনে - নির্জনে নিভৃতে !
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন