ইতিহাস আজও ভিজে আছে
গলা শুকিয়ে তবু;
ফুটো থালায় এভাবেই জল রুক্ষ হয়
সারাটা রাত শিশির হেঁটে যায়
ঘুঙুরহীন পা রেখে যায় শিউলি রঙের ছাপ।
আমার ক্লাসঘরে তোমার মস্ত একটা ছবি।
ছবিটাও কেমন ভেজা-ভেজা!
স্কুলের ছোট গেটটা খোলা থাকলে দলবেঁধে ঢুকে পড়ে
কালো গরুগুলো।
মনের সুখে ঘাস খায় ওরা
ভেসে ওঠে মহেশের মুখ আর গোফুরের সজল চোখে
নেমে আসে শরৎ...
ক্লাসঘর ভিজে যায় ভর দুপুরেও
সেমি কোলন এসে দাঁড়িয়ে পড়ে
দরজার চৌকাঠে...

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন