![]() |
| অপূর্ব কুমার চক্রবর্তী |
কোন দিকের বাতাস যে গন্ধ কে
কোন দিকে নিয়ে যায় ঠেলে
সেটুকু বোঝার অবকাশের আগেই
অগত্যা শিখেছিলাম
বৃষ্টির দিকে ছাতা ধরাটাই
কেননা পান্তা আর নুনই ছিল সম্বল
কেবল মাত্র ফুরিয়ে যাবার জন্যেই
দেওয়া বন্ধনীর মধ্যেকার জীবনটা
মৃত্যুময় নয় একথা বলবো কোন সাহসে
আমার বোধের উপর বোঝার জন্য তুমি
বোঝার মতো বোঝার বোঝা চাপিয়ে গেছো
ঝোড়ো বাতাসে, ওপার থেকে মায়ের কন্ঠ কি
জিজ্ঞেস করল:খোকা কেমন আছিস
শুনবার আগেই ছাতার ওপর অনর্গল
ঢেলে দিলে ঝমাঝম শব্দের বৃষ্টি

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন