![]() |
| বিশ্বজিৎ লায়েক |
১।
খুলে যাচ্ছে ডালপালা, খুলে যাচ্ছে মহুয়া জঙ্গল
আমাকে লিখো, আমাকে লিখো
দীর্ঘশ্বাস, দীর্ঘ-দীর্ঘ কাঙালের মতো আরেকটু ভেতরে গিয়ে
খুলে নিও চোখ, বিরহের জানালা
খুলে যাচ্ছে বন্ধুজন, খুলে যাচ্ছে ওষ্ঠ, অধর
আমাকে খাও, আমাকে পোড়াও
অগ্নি ও হেঁশেল
শীত ও সন্ধ্যা, খোলা মাঠে পড়ে থাকা দহন
শূনে তুলে আছড়ে মারো ম্যাড়ম্যাড়ে এই যাপন
২।
ওঠো, জাগো, মধ্যবিত্ত রাত চলো, উঠে পড়ি
প্যাস্টেলে আঁকা তোমার গোপনীয়তা
আপ্লুত চাঁদ বদনে বিন্দু বিন্দু ঘাম
বেড কভারে পড়ে আছে চাবির গোছা
শীত এইসব লেখে, জানালায় কারা ঝুলিয়ে গেছে
থমথমে একটা ব্রা
শরীর কি মেখেছে পূর্বরাগ, নীল চিৎকার
বেহায়া বলে মায়াবিনী নিঙড়ে নিচ্ছে নোনতা সম্ভোগ
গনগনে জিভে অপেরার গান
ওঠো, জাগো, এত ক্লান্তির সঙ্গমে শীত লাগছে না তোমার

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন