সিলেবাসে আছে তাই লিখি : শান্তা কর রায়

শান্তা কর রায়


সিলেবাসে আছে তাই লিখি


ডিপ্লোম্যাসি সেরিব্রাল হেমিস্ফিয়ারে আঁচড় কাটছে। পার্সোনাল লাইফ থোর বড়ি খাড়া নিয়মে চললে ফলাফল মিড লাইফ ক্রাইসিস । হিপোক্রিটরা উঠে দাঁড়ালে বিশ্রী গন্ধ বেরোয়, অপছন্দের সিগারেটে টান দিয়ে ভিড় ঠেলে চেষ্টা করলেও ময়দান আসেনা  ।তখন বাধ্যতামূলক লিখতে হয়  ।

বাড়িতে জানিয়ে দিন বিগড়েছে ওকালতি, এমনি ব্যবহার পাবে মনে হবে কষ্টে আছে। আদর্শ পাহারা দেয়, তবুও অভিযোগ, অগ্ন্যুৎপাতে দ্রৌপদীর খোলা চুল ছুঁয়ে চোখ আটকে যায়।  ভুল করে লিখে ফেলি।

 ওর আঙুলগুলো শিল্পীঘরের ঢুলুদার মতো, নারী - পুরুষ চেনে । ছিদ্র দিয়ে জল ঢোকে, দরিদ্র মুসীবত সে । সিংদরজা খোলা রাখা নিয়ম নেই,তবুও ওর ছায়া রাস্তাসমন্বিত । সুঠাম চেহারা বলিষ্ঠ বুক, ওরা ভেঙে দেবে শিল্পীঘর । তবু লিখতে হয়।

 শীত এই দশকের ধারাপাত, কুয়াশা আগলে রাখে তোমায়  ।  হাতের কচুরি, আগুনের লাল আঁচ,তোমার মধ্যে ম্যাজিক আছে  । গায়ে মেখে নিলাম ওম,অন্ধকার থেকে কিশোর শরীর বেরিয়ে আসে। আমাকে নিয়ে যায় তার কাছে, সে একা বসে পড়ার টেবিলঘড়ির দিকে তাকিয়ে । শীতঘুম মোটেই চমৎকার নয়,অরণ্য বিলাসী আমি দিদিকে খুঁজি । ও আমার দুহাতে অন্ধকার এঁকে দেয়,মেহেদির গাঢ় রঙ ঢেকে দেয় আকাশ । সেই মুহূর্তে লিখতে হয় কবিতা। 

দুখু মিয়াঁর গান, অথবা রবিঠাকুর, শুকনো পাতার ঘুম ঘুম খাদ,এখানে রোদ ঢোকেনি কয়েক বছর  । তারার মতো শিউলির সুবাস নিয়ে দিদির সংগে বসি,ওর বুকের ভালবাসা নিয়নের মতো জ্বলে,বুঁদ হয়ে খুঁজি তাকে। একেএকে সরে যায় দিন,দুপুরের রেলিঙ মুখোমুখি বসতে চায় । গল্প লেখায়।

 ইচ্ছে ঘন হয়,পরোয়া না করা মনটাও প্রৌঢ়ত্ব চায়। সন্ধ্যার সাথে সখ্যতা বাড়ে,গলির নির্জন মোড়, কাঁধের কাছে শ্বাসপর্ব নামে,কখন হারিয়ে যায় বিদায়ী বাঁশি ।কে যেন ফিসফিস করে গান গায়!!

 মসৃণ মুখ ভাঁজ খোঁজে,  দীঘল চুল বেয়ে আসে সপ্তম, মরসুমি ছোঁয়া । বেশি করে লেপটে আছে, যাওয়ার আগে এ যেন কুয়াশার রোদ,সবুজাভ ঘাস  ছুঁয়ে সাঁওতাল মেয়ে দেশ খোঁজে  । প্রবন্ধের মতো দেশপ্রেম নামে পাহাড়িয়া ঢাল বেয়ে।

 আঙুলে আঙুল রেখো, নইলে আকাশ দেখা হবেনা,পাশে ছিলে যতদিন কাছে ছিলেনা এইমাত্র জানলাম।


পদ্মা গঙ্গাকে বরাবর ভালবাসে, তবু বিচ্ছেদ
ফিরে এসো, নীল শিরায় কান্না বইবেনা নচেৎ ।  
অগ্রিম ঘৃণাই জমছে পাহাড় প্রমাণ
বস্তির সব গলি তবু রাজপথ সমান ।
মাটি মিশতে থাকে,প্রতিমা গড়া হয়,এসময় প্রকৃত শিল্পী লিখতে ভুলে যায়। 

Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.