বুকে সাতরং মাখে : রায় সুহৃদ

রায় সুহৃদ

বুকে সাতরং মাখে

রায় সুহৃদ


ওরা পাতা কুড়ানির দল, বুকে সাতরং মাখে।

সবুজ তৃণকে আগলে রাখে লাল-সবুজ নিশানার মতো করে-ওরা খিলখিল হাসে!

প্লাস্টিক কুড়িয়ে স্রোতে ভেসে ছন্দ আঁকে-ওরা বুকে সাতরং মাখে।

ওদের চিকনচাকন কালো মুখাবয়বে কমিউনিজমের রক্তিম কৃষ্ণচূড়া হাসে-ওরা বারবার ছিন্নমূল, দলছুট কবিতা আবৃত্তি করে।

ওদের কত সাহস!
মগডালের লিকলিকে ডালে ওরা নিমিষেই উঠেনামে- গল্প করে; ওদের বুকে ওরা আসমান ধরে রাখে।

সোনারতরী না আওড়িয়েও ওরা সহস্র চিত্রকল্প আঁকে-ওরা রবীন্দ্র ছাপিয়ে নতুন কলা আর শব্দ বাগিয়ে তৈরি করে মহাকাব্য।

নতুন প্রেমে ভরিয়ে তুলে বুড়ির ছেঁড়াত্যানা বস্তা-ওরা আমলুট করে তৈরি করে কাঁচাপাকা প্রকাণ্ড আমথলি-ওদের চোঁখে সাঁতার কাটে লালনীল দীপাবলি।

ওরা অচেনা পথিককে পথ  বাতলে দেয়,পানখেকো লম্পট মাতব্বর বুড়োর পথ আটকায়-ওরা সব পারে।

ওরা বুকে সাতরং মাখে।
ওরা কবিতার মোহে চোখ লাল করে-ওরা এক নিঃশ্বাসে ডুবুরি সেজে উদ্ধার করে অমূল্য শেওলা;শিশুর দুধের কৌটা।

ওরা কদমফুলে নিঃশ্বাস নেয়, উড়ে যায় আকাশপানে; নিঃশব্দে-ওরাই বকুলের বহ্নিশিখা আঁকে গলায়-ওরা বিদ্রোহে কাঁপে-ওরা সব পারে।

ওরা বড় হয়ে  উঠে।


Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.