![]() |
| ইন্সটা_রবিবার : অর্পিতা নন্দী |
বৌদি, ও বৌদি আজ কি রান্না হবে? রেবা যে অতক্ষণ দাঁড়িয়ে আছে খেয়ালই করেনি মীরা... সেদিন সকাল থেকেই কেমন একটা আলসেমিতে পেয়ে বসছিলো...রবিবার দিনটা এমনিতেই একটু দেরিতে শুরু হয়, স্কুল-টুল থাকেনা, অফিসের তাড়া, চাটার্ড বাসের টাইম মিলিয়ে উর্দ্ধশ্বাসে দৌড় সবগুলো সেদিন লাল কালির তারিখের আড়ালে..
কাল ফেরার পথে বাজার দোকানও করে নিয়েছিল আজ শুধু মী টাইম, আসলে নিজের সময়,তবুও মীরার বছর ষোলোর মেয়ে মৌ মজা করে বলে মী টাইম মানে মীরা টাইম, মনে মনেই হেসে ফেলেছিলো মীরা…….
ভাতের মধ্যিখানে একটা গর্ত করে মাংসের ঝোলটা ঢেলে নিলো একটু..ধোয়া ওঠা ভাতের গন্ধ মীরাকে নিয়ে যায় ছেলেবেলার রবিবার দুপুর গুলোতে.. পাঁঠার মাংসের প্রতি নিরবিচ্ছিন্ন প্রেমটা কিছুতেই ভাঙা যাচ্ছে না এই মধ্য চল্লিশ এ এসেও..
"মাম্মা স্টপ ফিড্ডলিং উইথ ইওর ফোন.. ফিনিশ ইওর লাঞ্চ ফার্স্ট! মীরার বড়ো বড়ো চোখ দুটোতে সুগভীর শাসন.. মৌ ফোনের স্ক্রিন থেকে চঞ্চল চোখ দুটো তুলে ভাবলেশহীন ভাবে বললো..
"মা? তুমি ইনস্টাগ্রামে?? রিয়ালি!, তারপর নলি হাড়টাকে কসরত করে ভাঙার চেষ্টা করতে করতে বললো.. "আচ্ছা মা ছবি গুলো কোথায় তোলা?"
মীরার একটু বিষম লেগে যাচ্ছিলো, একঢোক জল খেয়ে বললো.. "ওই..রান্ডম পিক্স আর কি. এখানে ওখানে.."
বাব্বা খুব গরম, পর্দা গুলো টেনে দিয়ে এসিটা চব্বিশে দিয়ে পাতলা চাদরটা বুক অবধি টেনে ইনস্টাগ্রামে চোখ বোলাতে শুরু করলো মীরা……..একটা ডি-এম….
..."অভি_ইন্সটা_৭৫"...."কি ? কি খবর? রবিবারে কি মেনু ?? রিসেন্ট পোস্টটা দারুন হয়েছে.... না বলে পারলাম না....."
মীরা চট করে দেখেনিলো মৌ কোথায়.. ইউটিউব ভিডিওর হালকা আওয়াজ ভেসে আসছে ড্রয়িং রুম থেকে..দ্রুত চোখ বোলালো ফলোয়ার্স লিস্টে ………
"ইটসমৌ_আনলিমিটেড ২০০৩" ফলোয়ার্স লিস্ট থেকে এখন অতীত.. মীরা চাদরটা এবার ভালো করে জড়িয়ে পাশফিরে শুলো.. রবিবারের দুপুরের ঘুমটা বড়োই একান্ত……..

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন