![]() |
| অন্তিম পর্ব : স্বরূপ সরকার |
আলো তুমি ঢেকো না আঁধার চাদরে
এখনো অনেক দেখার বাকি শত সহস্র প্রহরে
শরীর তুমি থেমো না অকাল ক্লান্তিতে
দাড়িয়ে আমি একলা পথে
অনেকটা চলার বাকি অন্ধ দিগন্তে
ঘুম তুমি ঘুমিও না
একলা নিঝুম পরিবেশে
হিসেব করে দেখো তো
জীবন শেষে কত ঘুম
তোমার পাওনা আছে
দিন চিন্তাহীন অর্থহীন
বেরঙিন কত ঋণ
জমাট থেকে যায়
রাত নিদ্রাহীন অবসাদ
পেয়ে আঘাত
আবেগে ভেসে যায়
হাসি তুমি কেঁদো না
জানি তোমারও কান্না আছে
তোমার দিন আসবে
যখন এই তুচ্ছ আমি
ভীষণ দামি ভবিষ্যতের শূণ্য লগ্নে
সেদিন হাজার অশ্রু মাঝে
তুমি তোমার অট্টহাসি হাসবে
আশাহীন মন দিশাহীন ক্ষণ
বন্ধ ঘরে একাকী জীবন
অন্ধকার কোণ নিঃসঙ্গ মন
স্বপ্নহীন অর্বাচীন উদাসী দিনযাপন
জীবিত অথবা মৃত
সুখ শয্যায় সজ্জিত
স্বপ্ন যত নির্বাসিত
শত্রু ততোই উচ্ছ্বসিত
জীবন মানেই সন্ধি অথবা বন্দি হয়ে
সমকালের চিত্রনাট্যেই আশ্রিত
শাস্তি পাক ঢেউ
যারা ধরিয়েছে মনে ভাঙন
মুক্তি পাক রাত
যারা পরিয়েছে মায়ার শেকল
বিচার হোক তাদের
করছে যারা রঙবদল দলবদল
নিভে যাক ভালোবাসা
আলো জ্বালিয়ে দেখিয়েছে মিথ্যে স্বপন
শান্ত হোক ঝড় যত
উড়িয়েছে মৃতের কাফন
ধুয়ে যাক ছাই চাপা আগুনে ভেজা আমার দেহ-মন
প্রকৃতিস্থ হোক স্মৃতি যত
তোমার-আমার পবিত্র ভালোবাসার বন্ধন

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন