![]() |
| শান্তময় গোস্বামী |
বৃষ্টির আজ বড়ো ইচ্ছে, আনত আর্দ্রমুখ
সে কথা বলে আমার গভীরে বসে
স্বচ্ছ শিশির ইচ্ছেডানায় মেলে ধরে প্রিয়সুখ
আমার দুচোখে তখন আবিল ধারার বর্ষাবিলাস
মেঘের গভীর থেকে নেমে এলে তুমি
তোমার হাসিতে মুগ্ধহৃদয়, হৃদয়ে আমার হলুদ পলাশ
ভাদ্রের আকাশে ছিল দীর্ঘশ্বাস, হলুদ খামে ছিল যন্ত্রণা
সাদা মেঘ যেন একমুঠো ভাত
প্রতিদিনের সবুজ কৃষক, সাক্ষী সময়, বেঁচে থাক উচ্ছ্বাসঋজু মন্ত্রণা
ইশারা ছিল বর্ষামেঘের ডাকে, আয়োজন ছিল আগামী উৎসবের
পঞ্চমবাণে সোনারোদ এসেছিল, এঁকেছিল কৃষ্ণসুর্মাকলি
আকাঙ্ক্ষা আলপনায় আঁক কষেছিল সবুজরঙিন গোপন-গর্ভগৃহের
নদী, ঝরনা জন্মের সাক্ষী থাক, ছেয়ে থাক তরুলতা শীৎকার-ভীরু প্রতিফলনে
বালির বিপুল সরে যাবে, উৎসবে মিশে যাবে প্রাণ-কণা
বৃষ্টি-জন্ম সার্থক হবে ছায়াপথ বেয়ে আসা সবাক বিবর্তনে ।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন