![]() |
| ঘরবন্দী দিন-রাত : কিশলয় গুপ্ত |
কোথায় আমার চক মিলানো দিন
আধেক দুপুর পায়ের পাতা জলে
লেখার খাতা স্বীকার করে ঋণ
এখন শুধু বাঁচার কথা বলে।
এখন শুধু মরচে ধরা বিকেল
চুপ চেয়ে রয় মোবাইলের রিং টোন
স্বর্ণকেশী আলো আসলে নিকেল
মাছের চোখে অসুস্থ গৃহকোণ
কোথায় আমার কলজে ভরা শ্বাস
ফুসফুসে আজ হাসছে নিকোটিন
বালিশ জুড়ে হাজার সর্বনাশ
লেখার খাতা স্বীকার করে ঋণ
চৌকাঠেই আটকে খেলার মাঠ
রামায়ণের পৃষ্ঠাতে বিষ রাম
প্রেমের নামে বুক শুকিয়ে কাঠ
ঘরের হাওয়ায় অনন্ত বিশ্রাম।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন