হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি : পিনাকী চৌধুরী

পিনাকী চৌধুরী
হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি : পিনাকী চৌধুরী

হ্যাঁ, মজা করে আম বাঙালি ঠিক এই নামেই অভিহিত করে ম্যাসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপকে ! বৈচিত্র্যে, বিন্যাসে এবং অভিনবত্বে এই হোয়াটস অ্যাপ তুলনারহিত। পাঠক জানলে হয়তো অবাক হবেন যে, সারা বিশ্বের মধ্যে ভারত কিন্তু সর্বাধিক হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের এক মহান আখড়া ! জানেন, আমাদের শৈশবকালে এক অন্যরকম প্রবণতা ছিল, রাস্তাঘাটে কোনও কিছু দেখলে বা শুনলে হন্তদন্ত হয়ে বাড়িতে এসে প্রথমেই সেই সংবাদ পরিবারের অগ্রজদের বর্ণনা করা! সেই প্রবণতা আজও আমাদের হয়তোবা আরও সক্রিয় ভাবে বিদ্যমান, তবে একটু অন্যভাবে ! ঘটনার সত্যাসত্য যাচাই না করেই শুধুমাত্র হোয়াটস অ্যাপে ফরোয়ার্ড করা! হ্যাঁ, প্রচুর পরিমাণে ফেক নিউজ সোশ্যাল সাইটের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে! ঘটনার থেকে রটনা বেশি হয়ে গেলেই যেন গোল বাঁধে! এখানে কোনও ওয়াচ টাওয়ার নেই! নেই   কোনও নিরাপত্তার বেষ্টনী! 

হ্যাঁ, একশ্রেণীর বিকৃত মনস্ক মানুষ অবলীলায় যেন মিথ্যা রটনা করে মনে এক পরম প্রশান্তি লাভ করেন। এটা সমাজ তথা দেশের পক্ষে যেন এক অশনি সংকেত ! বিশেষত এই সময়ে ! হ্যাঁ, আমাদের মুহূর্তের অসচেতনতায় অনেক বিপদ ঘনিয়ে আসে ! তবে এই মারাত্মক প্রবণতা অতীতেও ছিল ! অনেক বিখ্যাত মানুষের জীবদ্দশায় সুপরিকল্পিতভাবে মৃত্যু সংবাদ রটিয়ে দেওয়া হয়েছিল, যা কিনা ভুয়া সংবাদ ! নামেই ম্যাসেজিং অ্যাপ, কিন্তু আদপে হোয়াটস অ্যাপে কিন্তু অনেক অনৈতিক কাজ হয়ে থাকে । বিশেষত সুপার ইম্পোজ করা হয়েছে এমন ছবি অহরহ আমরা প্রত্যেকেই প্রায় পেয়ে থাকি , এবং অবশ্যই অবিবেচকের মতো তা ফরোয়ার্ড করে নিজেকে জাহির করতে পছন্দ করি। 

এখানে অজস্র মিম ঘুরে বেড়ায়, যা কিনা একজন বিশিষ্ট মানুষকে হাস্যস্পদ করে তোলে! এছাড়াও অসংখ্য কুরুচিপূর্ণ রঙ্গ রসিকতা তো আছেই! হ্যাঁ, এতেই মজে আছে তামাম দুনিয়া! বলা ভাল, নেট দুনিয়া! হাসা হাসি স্বাস্থ্যের পক্ষে ভালো, তবে অপরের ওপর হাসার প্রবণতা যেন দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে ! আর এই আত্মকেন্দ্রিকতা প্রসূত দুর্বলতার বীজটি বৃদ্ধি পেয়ে বাঙালিকে শোচনীয় পদস্খলনের দিকে ঠেলে দিচ্ছে! সজাগ থাকুন! সতর্ক থাকুন! গুজবে কান দেবেন না! খবরের সত্যাসত্য যাচাই না করে ফরোয়ার্ড করবেন না ! সমাজকে পথ দেখান, আপনি সামাজিক !
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.