 |
| বাংলাভাষা প্রথম থেকেই আন্তর্জাতিক : মৃদুল শ্রীমানী |
বাংলাভাষা প্রথম থেকেই আন্তর্জাতিক : মৃদুল শ্রীমানী
বাংলা ভাষার প্রথম উপন্যাস?
হানা ক্যাথারিন মুল্যান্স এর "ফুলমণি ও করুণার বিবরণ"
বাংলাভাষার প্রথম নাটক ?
গেরাসিম লিয়েবেদেফ এর "কাল্পনিক সংবদল"
বাংলা ভাষার সংবাদপত্ৰ?
ওয়াল্টার হিকি সাহেবের বেঙ্গল গেজেট।
বাংলা প্রথম ব্যাকরণ?
রোমান অক্ষরে মানোএল দা আসসুম্পসাঁও। বাংলায় নাথানিয়েল ব্রাসি হালেদ, দোম আন্তোনিও।
বাংলা পুস্তক মুদ্রণের উদ্যোগ?
উইলিয়ম কেরী, মার্শম্যান, শ্রীরামপুর মিশন।
বাংলায় মুদ্রণযোগ্য হরফের বিন্যাস বা ডিজাইন?
চার্লস উইলকিনস।
বাংলাভাষা প্রথম থেকেই আন্তর্জাতিক।
বাংলার নারী শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বেথুন সাহেবের কথা স্মরণ করি। অন্য শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপারে আলেকজান্ডার ডাফ ও ডেভিড হেয়ারের কথাও মনে রাখি।
বাঙালি তো ভুলতে পারবে না ছাপার অক্ষরে বই বের করল কারা। হাতে লেখা পুঁথি আর কজনের হাতেই বা যেতো! শ্রীরামপুর মিশন আর উইলিয়াম কেরী আর মার্শম্যানকে বাঙালি ভুলবে কি করে? লোহা কেটে হরফ ও অক্ষর বানিয়েছিলেন পঞ্চানন কর্মকার, আর তাঁর জামাই মনোহর কর্মকার। কিন্তু বিস্তর পুঁথি ঘেঁটে পুঁথির হস্তলিপি বিশ্লেষণ করে, বাংলা লিপির মান্য চেহারা কে দাঁড় করিয়েছিলেন? বাংলা লিপির তিন তলা অস্তিত্ব কে বুঝেছিলেন? একদিকে ই-কার ঈ - কার, ঐ কার, ঔ কার, রেফ, এবং অন্যদিকে উ কার, ঊ কার, ঋ কার ইত্যাদি সম্বলিত জটিল বাংলা লিপিকে কে হরফ তৈরিতে প্রয়োগ করলেন? চার্লস উইলকিনস সাহেবকে বাঙালি ভুলবে কেন?
বাংলা ব্যাকরণ নিয়ে ভাবতে গেলে নাথানিয়েল ব্রাসি হালেদ সাহেবকে ভুলি কি করে? তার আগে রোমান অক্ষরে বাংলা ব্যাকরণ লিখেছিলেন মানোএল দা আসসুম্পসাঁও। দোম আন্তনিও কেও ভোলা যাবে না।
নাটক পাগল বাঙালি কি করে ভুলবে গেরাসিম লেবেদেফ নামের সেই রাশিয়ান মানুষটিকে? উপন্যাসের পাতায় চোখ সেঁটে থাকা বাঙালি ভুলতে পারবে না হানা ক্যাথারিন মুল্যান্স কে। যাঁরা দুচারজন বন্ধু একত্র হয়ে চায়ের কাপে তুফান তুলে কাগজ করার কথা ভাবেন, তাঁরা কি করে ভুলবেন ওয়াল্টার হিকি সাহেব কে?
আর বাংলায় আধুনিক যুগে মহাকাব্য লিখবেন যিনি, বাংলায় লেখার আগে তিনি লিখবেন ক্যাপটিভ লেডি। গল্প কাঠামোর উৎস কিন্তু ভারতীয় উপমহাদেশের। বাংলার প্রথম সার্থক উপন্যাসকার বাংলায় উপন্যাস লেখার আগে লিখবেন রাজমোহন'স ওয়াইফ। বাঙালির মেয়ে তরু দত্ত আর অরু দত্ত ইংরেজিতে কবিতা লিখবেন। বাংলার সেরা আধুনিক কবিরা জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, বিষ্ণু দে, সুধীন দত্ত, ইংরেজি সাহিত্যের অধ্যাপক। সমর সেন ইংরেজি ভাষায় ফ্রন্টিয়ার নামে জবরদস্ত কাগজ বের করতেন।
ভারততত্ত্ব নিয়ে চর্চা করবেন, আর এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা উইলিয়াম জোন্সকে ভুলে যাবেন, তা তো হতে দেওয়া যাবে না। লেখার মধ্যে রাজনীতি আনবেন আর স্কট সিভিলিয়ান অ্যালান অক্টাভিয়ান হিউমকে ভুলে যাবেন, তা হবে না।
শিক্ষিত বাঙালি অনুভব করে তার সংস্কৃতির নব রূপায়ণে বিদেশি বন্ধুর অবদান বড় কম ছিল না। সাহিত্য সংস্কৃতির দেশ বিদেশ নেই।
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন