![]() |
| বাঘের মাসি : শিবরাম ভূঞ্যা |
শ্যামচরণের ছোটো মামা ভীষণ তাঁর রাগ,
মাঝে মাঝে হুঙ্কার দেন ভয় পায়ও বাঘ।
দিনে বিশেষ কাজ নেই তাঁর কেবল ঘোরাঘুরি,
রাতের বেলায় দেখান তিনি যত বাহাদুরি ।
সেদিন যেই সারাদিন বৃষ্টি হল খুব,
কোথাও না যেতে পেরে ঘরেই ছিলেন চুপ।
সন্ধ্যা হতেই মামা বলেন, “সময় খুব অল্প,
আজ তোদের শোনায় আমার বাহাদুরির গল্প”।
এমন সময় কোথা থেকে চণ্ডীকাকা এসে,
খবর দিলেন, ‘বাঘ এসেছে বানের জলে ভেসে’।
মামা তখন হুঙ্কার দিয়ে বলতে যাবেন, “গুজব”,
শুকিয়ে গলা কাঠ হল ’মন বের হলনা রব।
পা দু’খানি কাঁপতে থাকে ভয়ে মাথা ঘোরে,
‘ধপাস’ করে কী যেন এক পড়ল নীচে জোরে।
মামা চেঁচায়, “বাঘ এসেছে, আমায় তোরা বাঁচা”,
সবাই তখন দৌড়ে গিয়ে আনল লোহার খাঁচা।
তারপর তো বেশ কিছুক্ষণ চলল খোঁজাখুঁজি,
দেখি ইঁদুর মুখে একটি বিড়াল খাচ্ছে ডিগবাজি।
মামা তখন ভীষণ রেগে বলল, “চণ্ডীচরণ,
তুই যে বললি বাঘ এসেছে, এই কি তার গড়ন”?
চণ্ডীকাকা কাঁচুমাচু যদিও মনে বেজায় খুশী,
বলেন তিনি, “বাঘ না হোক্ এ তো বাঘের মাসি”।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন