![]() |
| বিভাস৩ : প্রতিমা রায়বিশ্বাস |
পাম্প টিকে এমন হৃদয় বানাস না বিভাস
যাতে নিরাকার ব্যর্থতারা ডুবে গিয়ে রক্ত হয়ে যায়
উঠে আসে আর শিরা টেনে বিষ।
নীল পদ্মের পুকুর ছাড়িয়ে, দিগন্ত থেকে ভেসে আসে গভীর রাতের গান
গাছও মন দিয়ে শোনে সঙ্গীত।
সে সুরের লহমা গুড়ি ভেদ করে চলে যায় পাতাল জলের খোঁজে।
ওখানে উঁচিয়ে থাকে এক তর্জনী ।
লিখে দেয় শিকড় ভাষায় সমস্ত নিস্তব্ধতার তান।
এদিকে গানের শরীর ভ‘রে ফুল ফোটে।
তারপর কার্তিকের ধানক্ষেত পথে নেমে যায় বিধাতা।
তেমনিই ঠিক অবতার নাম দিয়ে গিলে ফেল সব হাহাকার,
ভয় নেই এখানে কোনোদিন ঈশ্বর আসে না।
বেশি দূরে গেলে ফিরে আসতে সময় লাগে বেশি ।
তারই ভিতর চারারা যুবতী ফুলের পরাগ,
শামুক অভিসারে সমস্ত পথ,লালাময়।
ফড়িং সুখে উড়বার রোদে ভ‘রে ওঠে দুপুর।
কী দরকার বনষ্পতির ফলহীন সম্মান?
তারচেয়ে বরং রোহিনীর মত ফসল হয়ে
মাটির বুকে বুকে থাক।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন