![]() |
| ডায়না নদী : গোবিন্দ ধর |
তোর্সাই যখন ডায়না তখন তার আরো ক্ষ্যাপামিতে
পাথর সব গড়িয়ে নিয়ে নামে গহীন গাঙে।
আকাশ মেঘাচ্ছন্ন পাহাড়পুর সাদা সাদা পেঁজা তুলোর মতো
একটু আগে মেঘ বৃষ্টি হয়ে ডায়নায় যেন বক নেমেছিলো।
পাহাড় আর মেঘ এক হলে ডায়নায় বৃষ্টি হয়ে আসে।
আমি আর অভীক তখন সঞ্জীবের ক্যামেরায় চিরফ্রেম।
ডায়নার স্রোত আর বৃষ্টির প্রেম মেখে এক একজন ভবঘুরে
ক্যারনের ঘ্রাণ তখনো ডুয়ার্সের চায়ে মিশে শরীর জুড়ায়।
এতো যে লাফায় ডায়না যায় জলপাইগুড়ি?
জল আর জল শরীরের প্রাণ পাথর তার আত্মা।
ডায়নার বর্ষাসুন্দরী পাথর খাবলে ধরে শরীরী ক্ষুধায়
উজানের জলঘর থেকে মাখে চায়ের সবুজ।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন