![]() |
| কথা দাও : সন্দীপ কুমার ঝা |
জানি,
আমাকে ফাঁসিতে লটকানোর আগে,এ জন্মে স্থায়ী দাঁড়ি টানার আগে,তুমি বরাবরের মতই জানতে চাইবে,আমার শেষ ইচ্ছা।
কিন্তু এটা জানি তুমি, সেই কথা রাখবে না।
যেমন এর আগে কখনই রাখনি।
আমি চেয়েছিলাম,দেশের প্রতিটা খুদ-এর শরীরে, তুমি খোদাই করে দাও,খালি পেটের গন্ধ।দেশের প্রতিটা নোটে যে জলছাপ,সেটা আঁকা হোক শ্রমিকের ঘামে।চেয়েছিলাম,প্রতিটা ধান শীষের তলায় ফলিডলের কৌটোর বদলে,শুয়ে থাক,কৃষকের উজ্বল হাসি।
চেয়েছিলাম,ফুলদানির মত করে,
প্রতিটা বেয়নেটে তুমি গুঁজে দাও,লালগোলাপ।
তুমি কথা রাখনি।বরং আমাকে ফাঁসির মঞ্চে এনেছ।
আজ, আবার যখন জানতে চাইছ,আমার শেষ ইচ্ছা,তবে আজ তোমাকে এক নতুন ইচ্ছার কথা বলি।
আমি চাই,
যখন তুমি,নিজের লজ্জাকে আড়াল করতে,
আমার মুখ ঢেকে দেবে কালো কাপড়ে,
এক হ্যাঁচকা টানে,সব বিরুদ্ধতা,প্রতিবাদকে পাটাতনের অন্ধকারে টেনে নেবে,তোমার কৌশলী হাত,তখন আমি শেষবার পেচ্ছাব করব।
আজ শুধু,এই কথা দাও,
তুমি তখন মুখ হাঁ করে রাখবে!

1 Comments:
খুব সুন্দর হয়েছে স্যার
একটি মন্তব্য পোস্ট করুন