![]() |
| দ্বন্দ্ব : সুকান্ত পাল |
তোদের কি আর কাজ আছে ভাই
কেবল পরচর্চা
চায়ের দোকান , আড্ডাখানায়
কিসের এত তর্জা !
আমিই একা মিথ্যে বলি ?
মিথ্যাবাদী ক্ষ্যাপা ?
রামু-দামু-হিমু-ভানু
টুনি-বুঁচী-ট্যাপা ?
‘মিথ্যাবাদী ’ ‘মিথ্যাবাদী ’
বলিস কি সব যা তা—
তোরা বুঝি সত্যবাদী
ধোয়া তুলসিপাতা?
এই তো সেদিন চৈতি পিসি
বললে এসে সভায়
মিথ্যেকথার ফুলঝুরি সব
শুনলি বসে সবাই ।
তার বেলাতে নাইকো কথা
সবাই তোরা পাঁজি।
যেমনি দুটো মিথ্যা বলি
অমনি বাধাস কাজি।
রামু-দামুর দাঁড়িকাকা
কম কি যায় সে ও?
মিথ্যেকথা যতই বলুক
দোষ ধরে না কেউ ।
গোঁসাই বাড়ির প্যালার মাসি
মাছ বাজারের ঘনা
মিথ্যে কথার জন্য তাদের
হয়েছে জরিমানা ?
কেবলা -ঢেপুর টিকি দাদু
রসিকতার ছলে
দুটো চারটে মিথ্যাকথা
সুযোগ পেলেই বলে।
বড়োবাড়ির ধনার কাকির
এমনি মজার ব্যাপার।
কেউ কি তোরা খবর পেলি
আস্ত কারখানার?
যে কারখানায় মিথ্যে কথা
দিনরাত্তির ছাপে
কোন ক্ষতিটা হয়েছে কাকীর
মিথ্যে বলার পাপে!
ছুঁচের ছিদ্র ঝাঁঝর খুঁজে
চালনি লুটোপুটি
তোদের মতো এ তল্লাটে
বজ্জাত নাই দুটি।
মিথ্যুকেরই ফর্দখানা
পড়িস বড়ো আশে
তোদের নাম ও আছে লেখা
আমার নামের পাশে।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন