![]() |
| মৃদুল শ্রীমানী |
দুর্গোৎসবের কয়েকদিন আগে এসডিও মিটিং ডাকলেন। রইলেন পুলিশ প্রশাসন আর বিডিওরা। আর বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা। একটা গোষ্ঠী দাবি করল এলাকায় গরু জবাই চলবে না। অন্য গোষ্ঠী বলল, যার যেটা খাদ্য সে সেটা খাবে। মাংসটা স্বাস্থ্যসম্মত কিনা সেটা পরীক্ষার ব্যবস্থা থাক। একটি ধর্মের প্রতিনিধিরা কোনোমতেই গরু জবাই করতে দিতে রাজি নন। এক বিডিও আর থাকতে পারল না। উঠে দাঁড়িয়ে বলল, - "গরু একটা জন্তু। খাবার জন্যে আর পাঁচটা গবাদি পশুর একটা। তা ছাড়া ধর্মের অনুষঙ্গ টেনে আনলে বলতে হবে বৈদিক যজ্ঞে মুনি ঋষিরা গো বধ করতেন। ওঁরা গোমাংস খুব পছন্দ করতেন বলে মুনি ঋষিদের গোঘ্ন বলা হতো।"
রে রে করে উঠলেন একটি ধর্মের প্রতিনিধিরা। এসডিও থামিয়ে দিলেন তাদের। মাফ চাওয়ার ভঙ্গীতে বললেন - "না, না, ঐ বিডিও কিচ্ছু জানে না। আপনারাই ঠিক। " তার পরেও একটি ধর্মের প্রতিনিধিরা দাবি করলো কোন শাস্ত্র পড়ে মহামূর্খ বিডিওটি "বৈদিক যজ্ঞে মুনি ঋষিরা গো বধ করতেন" বললো - এখুনি জানাতে হবে।" এসডিও বললেন - "না জেনে, না বুঝে বলে ফেলেছে, ওসব ভুলে যান।" মিটিং এ স্থির হল দুর্গোৎসবের আগে এলাকায় গরু জবাই বন্ধ।
মিটিং শেষে এসডিও'র ঘরে গিয়ে বিডিও সবিনয়ে বললেন - বৈদিক যজ্ঞে মুনি ঋষিরা গো বধ করতেন। ওঁরা গোমাংস খুব পছন্দ করতেন - এমন তথ্য ইতিহাসের স্নাতক স্তরের মান্য পাঠ্যপুস্তকে পেয়েছেন। লেখকের নামটিও উচ্চারণ করলেন। চোখের পাতা না কাঁপিয়ে এসডিও বললেন, হ্যাঁ , জানি তো। আমিও ডবলু বি সি এস পরীক্ষায় ওই বইটিই পড়েছি। আপনি তো ঠিক বলেছেন। বিডিও হাঁ হয়ে গেল।
বিজ্ঞাপন : আমাদের কাছে লেখা পাঠান ৯২৩২২৩৭৮৭১ এই নাম্বারে।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন