![]() |
| যাদু আয়না : ওয়াহিদা খাতুন |
মুখ দেখিনা যখন তখন
কাজের পিছু ছুটি,
সারাটা দিন খেটে মরি
করি লুটোপুটি!
পেলাম একটি যাদু আয়না
বলল হাতটি ধরে,
অতি যত্নে আদর করে
রেখ আমার ঘরে!
যা খুশি তাই করবে তুমি
নাচবে মনের সুখে,
প্রতিবিম্ব হয়ে রবে
আমার কাচের বুকে!
যখন যেমন ইচ্ছে মত
দেখো তোমার মুখটি,
তোমার ছায়া পড়লে পরে
ভরবে আমার বুকটি!
তাইতো আমি রেখে দিলাম
অতি যত্ন করে,
আদর করে রাখলাম তারে
মনের ছোট্ট ঘরে!
যখন যেমন ইচ্ছেমত
সাজন গোজন করি,
নাক বেঁকিয়ে চোখ উঁচিয়ে
আয়নার সামনে ধরি!
কখনো বা রেগে গিয়ে
ঝাড়ি যখন বাত,
যাদু আয়না বুকে টেনে
হাতে রাখে হাত!
সুখ-দুঃখের সাথী আমার
নানা কথা বলে,
কষ্ট পেলে ছুটে গিয়ে
ঝুলি তারি গলে!
খুব যতনে রাখবো তাকে
সবার চেয়ে দামি,
যাদু আয়না ভেঙে গেলে
বাঁচবো নাকো আমি!

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন