![]() |
| কিশলয় গুপ্ত |
দেহময় হাওয়া
কেমন তোমার সামলে চলা
পাগলা হাওয়া পালে
মস্ত একটা কুমীর ঘোরে
ছোট্ট একটা খালে
ভাববে আর কোন কালে?
কেমন তোমার শান্ত থাকা
মাতাল মাতাল ঝড়ে
গায়ের কত অঙ্গ খসে
একটি একটি করে
কত স্বপ্ন আছে ঘরে।
কেমন তোমার হাসতে থাকা
আলোর নিয়ম ছাড়া
আলো পিঠে মিছিল করে
আঁধার ধরে যারা
ভাবতে গেলেই দিশাহারা।
কেমন তোমার সাঁতার কাটা
হালকা গভীর জলে
মুক্তো খোঁজা লোক দেখানো
নিন্দুকেরা বলে
সময় এই ভাবেই চলে।
প্রেম-প্রেম-রোগ
সমাধান জেনে গেছো- বেশ
আঁধারের প্রতিশব্দ দেখে
যে গল্পটা শুরুতেই শেষ
কী হবে তার চরিত্র এঁকে
ঘরে ঘরে রাত বাড়ে আর
জানালায় ঝুলে আছে শোক
অসুখের এত হাতিয়ার
শান্তির বার্তা বাহক
ঘুলঘুলি সব পাপ জানে
মানে সব বিছানার ভাঁজ
কার মুখে কোন সুর গানে
চমকিত বোকা এ সমাজ
সমাধান জেনে গেলে- তাই
প্রেম সুখে দুই চোখ বোঝে
একদিনে কত আলো চাই
কত সুখ একবুক বোঝে

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন