(একটি সম্পূর্ণ অরাজনৈতিক কবিতা)
কাপালিক, এই শ্মশানে তুমি থাকবে নাকি চলে যাবে,
জীবন মৃত্যুর সীমানায় দাঁড়িয়ে,
এ প্রশ্ন আজ অবান্তর!
দেখেছি মৃত্যুর পর লাশ ভারী হয়ে যায়।
লাশের দায় হয়,তার চেয়েও বহুগুণ ভারী!
এত শবদেহ বইবার জন্য চওড়া কাঁধ লাগে
দায় বহনের জন্য লাগে,অতিমানবীয় শক্তি!
তোমার আছে কি না,জানি না।
যা দেখাও তার বাইরে তো আমরা অন্ধ থাকি।
কেবল দেখি-গোল গোল নৃত্যের উঠোন,
ঝাঁট দেয় আব্দুল্লা মর্জিনা।
এখন গোটাটাই নিশিরাত।
শব সাধনায় বসেছেন বিভ্রান্ত কাপালিক।
হাঁটুর তলায় চাপা লাশ।
কাপালিক নিজের সিদ্ধির অপেক্ষায়।
আর
লাশ কেবল মৃত্যুর কারন জানতে চায়।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন