![]() |
| রঙের ছোঁয়া : শ্রীমতি ডলি |
শিমুল পলাশ কৃষ্ণচূড়া -
রঙের ডালি ভরায়
দখিনা বাতাস ডেকে বলে
দোর খুলে তোরা আয়।
আগুন-রঙা ভোরের আলোয় -
কোকিলের কুহুতান
বনবিতানে লুটোপুটি খায়
ভ্রমরের গুঞ্জন।
রঙিন মেঘের চাদর জড়ানো -
দিগন্ত বরাবর
হৃদয়ে মননে রঙের সুবাসে
স্পন্দিত কলেবর।
রঙিন ফাগ প্রাঞ্জল হোল -
রঙের উৎসবে
প্রকৃতি, মানব একাত্ম হয়
বসন্তের কলরবে।
রঙের গভীরে আছে ভালবাসা -
মিশে আছে বন্ধন
আশার আলোয় রঙের সমাহার
এই মোর বন্দন।
রঙের ঝর্ণা প্রতিভাত হোক -
হৃদয়ের ক্যানভাসে
হতাশা বিদ্বেষ ঢাকা পড়ে যাক
রঙিন মনের পরশে।।

2 Comments:
চমৎকার ভাবে ছন্দের প্রকাশ। মন ভরে গেল কবি।
আরো চাই ...।
চমৎকার হয়েছে
একটি মন্তব্য পোস্ট করুন