![]() |
| হে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী : সিদ্ধার্থ সিংহ |
দয়া করে কোনও সৈন্যকে খালি হাতে
যুদ্ধে পাঠাবেন না।
মারাত্মক মারণাস্ত্র নিয়ে চোরাগোপ্তা এবং মুখোমুখি ওরা অপেক্ষা করছে
ঝাঁপিয়ে পড়ার জন্য।
ওরা কোনও বর্ডার মানে না
হিন্দু মসুলমান দেখে না
ধনী দরিদ্র বোঝে না।
ওদের হাত থেকে আমাদের রক্ষা করার জন্য
যে সব সৈন্যকে মাঠে নামাচ্ছেন
তাঁদেরও কিছু রক্ষাকবচ দিন
যাতে তাঁরা বেঁচে থাকেন
ওদের সঙ্গে মোকাবিলা করতে পারেন।
না হলে...
সৈন্যবাহিনী গড়লেই হয় না
তাঁদের হাতে অস্ত্র তুলে দিতে হয়
শুধু অস্ত্র নয়
বুলেট প্রুফ জ্যাকেটও।
প্লিজ, যোদ্ধাদের খালি হাতে যুদ্ধে পাঠাবেন না।
যাঁরা সম্মুখে থেকে লড়াই করছেন
তাঁদের হাতে অন্তত
পি পি ই কিটস এবং
এন নাইন্টি ফাইভ মাক্স তুলে দিন।
মনে রাখবেন, দেশের মাটি রক্ষার জন্য
যাঁরা যুদ্ধ করছেন
তাঁদের থেকেও কঠিন যুদ্ধ করছেন এঁরা।
দয়া করে কোনও সৈন্যকে খালি হাতে
যুদ্ধে পাঠাবেন না।
তাঁদের হাতে অন্তত
পি পি ই কিটস এবং
এন নাইন্টি ফাইভ মাক্স তুলে দিন, প্লিজ।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন