বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে : সুজন মন্ডল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে : সুজন মন্ডল
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে : সুজন মন্ডল

মুজিবুর রহমান,
আমি আপনাকে চোখে দেখিনি,
পড়িও নি আপনার 'অসমাপ্ত আত্মজীবনী'—
কিন্তু,
হ্যাঁ আমার দাদুর মুখে শুনেছি কখনও কখনও
আপনার সংগ্ৰামময় জীবনের কিছু কিছু ঘটনার কথা...
কেননা, আমার দাদু জন্মেছিলেন
আপনার দেশে!
দেখেছিলেন আপনাকে খুব কাছ থেকেও ।
অথচ, দুর্ভাগ্যবশত সেই জন্মভূমি আজ বিদেশ ভূমি...
তবুও, আপনার প্রতি দাদুর ভালোবাসা
আজও এতটুকুও কমেনি...
বরং, দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে ।

এখনও দাদু মাঝে মধ্যেই
আমাদেরকে আপনার কথা বলে,
বলে যে,
মুজিবুর মানেই
একটি আন্দোলনের জীবন্ত মশাল...
মুজিবুর মানেই
একটি গণঅভ্যুত্থানের আগ্নেয়গিরি...
মুজিবুর মানেই
একটি মহাবিপ্লবের দূর্ধর্ষ কবিতা...
মুজিবুর মানেই
একটি মুক্তিযুদ্ধের নির্ভীক কণ্ঠস্বর...
আবার, কখনও কখনও দেখেছি
দাদু মাঝরাতে ঘুমের মধ্যে চিৎকার করে উঠে!
বিড়বিড় করে বলতে থাকে :
মুজিবুর,
তোমার মতোই আমাদের প্রাণের জয় বাংলাকে,
পাকিস্তানের হানাদার বাহিনীর দোসর : রাজাকারের দল— ছিন্নভিন্ন করে দিল...
কেড়ে নিল আমাদের স্বাধীনতার কথা...

মুজিবুর রহমান,
ক্ষমা করবেন আমাদের—
কেননা, দাদু যখন আপনার কথা বলত,
তখন আর পাঁচটা কথার মতোই শুনে উড়িয়ে দিতাম!
কখনও গায়ে লাগাতাম না,
এমনকি, বুঝতেও চাইতাম না আপনাকে...
কিন্তু, আজ আপনার একশোতম জন্মবর্ষে :
সারা বাংলাদেশ যখন উত্তাল সমুদ্রের মতোন—
তখন সামান্যতম হলেও বুঝেছি;
যে আপনি কোন সাধারণ ব্যক্তি নন!
আপনি যে সমগ্ৰ বাংলাদেশের,
তথা বিশ্বের ইতিহাসে বিরলতম এক কিংবদন্তি—
আপনি যে বাঙালি জাতির জনক—
আপনি যে বরিস পলেভয়ের উপন্যাস হতে
বেরিয়ে আসা : "মানুষের মতো মানুষ"!
যাঁর বর্ণময় জীবনের
পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিতে গেলে!
হাজার হাজার বক্তৃতার মঞ্চ,
সেমিনার, এমনকি  জনসভাও কম পড়ে যাবে—
তবুও বলা শেষ হবে না...
কেননা, আপনার জীবন যে মহাকাশময়—
যাকে আবার মুখস্থও করা যায় না!
সমগ্ৰ হৃদয় দিয়ে না পড়লে...

তাই আজকের এই মুজিববর্ষেই উঠুক দাবি!
মুখে নয়, মুখে নয়, 
বুকে, বুকে থাকুক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান...
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.