![]() |
| সে প্রথম তুমি আর আমি : শিবরাম ভূঞ্যা |
শান্ত সরসী তীরে আম্র কানন পরে,
তুমি আমি দু’জনেতে একা।
আজ মোরা পাশাপাশি তুমি কত কাছাকাছি,
তবু ভাবি তুমি মরীচিকা।।
গোলাপ বাগিচা হতে দিলেম তোমার হাতে
প্রস্ফুটিত পুষ্প একখানি ।
তুমি রও লাজ চোখে হাত দিয়ে মুখ ঢেকে,
আজও তুমি সেই অভিমানী!!
মৃদুমন্দ বায়ু বয় এখনো কি বিরহ সয়?
কাছে এলে এতকাল পরে।
অপূর্ব তোমা সাজ আজ তুমি ত্যাজো লাজ
ঠাঁই দিয়ো হৃদয় মাঝারে।।
রাখিলাম হাতে হাত আজিকে এ প্রভাত
তুমি-আমি সাথি নির্জন।
সহসা বরষা ধারায় ভিজাল মোদের কায়,
স্মরণীয় হল শুভক্ষণ।।
ভাবি, আজ সময় যদি থেমে যায় নিরবধি
থাকি হেথা মোরা চিরকাল ।
জীবনে অনেক চাওয়া এই তো শ্রেষ্ঠ পাওয়া
বাকি সব যেন মায়াজাল ।।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন