![]() |
| প্রেমমেনেনিলে : কিশলয় গুপ্ত |
পায়ে পায়ে প্রেম চলে যায় মাঘ মাসে
ডানে বাঁয়ে সতর্ক মন রাখলে চোখ
দেখতে পাবে মনের ভিতর বাঘ আসে
আসে- বসে এবং বলে যুদ্ধ হোক।
পায়ে পায়ে বয়স চলে কোন দিকে
জানার জন্য হাতের কাছে শব্দকোষ
রেখেই ভাবি বলবো এবার বন্দীকে
ভুলে করেই আজ ভুলে যা অব্দ দোষ।
পায়ে পায়ে মাথার চুলে পাক ধরে
প্রেম তবুও কাঁধের উপর এক ঘাঁটি
বানায়। বলে বেচারা বুক থাক ঝড়ে
নবান্নতে ফসল দেবে এই মাটি।
পায়ে পায়ে গায়ের চামড়া কুঁচকে যায়
প্রেম তখনও হাড়ে হাড়ে বাস করে
বুকের ভিতর সূর্য তাপ কামড়ে খায়
শরীর থেকে সব জীবাণু নাশ করে।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন